সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে পণ্যবাহী ট্রাক। আজ মঙ্গলবার
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে পণ্যবাহী ট্রাক। আজ মঙ্গলবার

ভোমরা দিয়ে ভারত থেকে এল ১০০ টন কাঁচা মরিচ, দাম কমার আশা

বাজারে কাঁচা মরিচের দামে অস্থিরতার মধ্যেই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় ১০০ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০টি ট্রাকে এসব মরিচ দেশে ঢুকেছে।

ব্যবসায়ীদের আশা, আমদানি অব্যাহত থাকলে এক-দুই দিনের মধ্যে বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করবে।

ভোমরা কাস্টম হাউসের কমিশনার মুশফিকুর রহমান বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০টি ট্রাকে ভারতীয় কাঁচা মরিচ ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে আসে। প্রয়োজনীয় শুল্ক ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে এসব কাঁচা মরিচ দেশের বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হবে।

প্রতিটি ট্রাকে ৯ থেকে ১১ টন কাঁচা মরিচ আছে। প্রথম দিনেই প্রায় ১ লাখ কেজি, অর্থাৎ প্রায় ১০০ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

বন্দর-সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি ট্রাকে ৯ থেকে ১১ টন কাঁচা মরিচ আছে। প্রথম দিনেই প্রায় ১ লাখ কেজি, অর্থাৎ প্রায় ১০০ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

আমদানিকারক ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, আমদানির অনুমতি পাওয়ার পরপরই প্রথম চালানে ১০ ট্রাক কাঁচা মরিচ দেশে আনা হয়েছে। এসব মরিচ দ্রুত দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হবে। তাঁর আশা, বাজারে সরবরাহ বাড়লে কাঁচা মরিচের দামও ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।

স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, টানা বৃষ্টিতে সাতক্ষীরাসহ আশপাশের বিভিন্ন জেলার মরিচখেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনে বড় ধরনের ক্ষতি হয়েছে। এতে বাজারে সরবরাহ কমে যায়। মাত্র ১৫ দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ টাকায় বিক্রি হলেও গত কয়েক দিনে তা ২৫০ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে।

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে বলে মন্তব্য করেন সাতক্ষীরা শহরের কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী। এতে কাঁচা মরিচের দাম ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে বলে তাঁর আশা।