জুনে চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চালু হবে। এতে কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের মানুষ উপকৃত হবেন।

নদী দ্বারা বিচ্ছিন্ন কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলাকে জেলা শহরের সঙ্গে যুক্ত করতে চিলমারী-রৌমারী নৌপথে চালু হচ্ছে ফেরি। আগামী জুন মাসেই এই ফেরিসেবা চালু হতে যাচ্ছে বলে বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন নিশ্চিত করেছেন। এতে কুড়িগ্রাম জেলা শহর এবং ঢাকায় যাতায়াতে ভোগান্তি থেকে মুক্তি পেতে যাচ্ছেন রৌমারী ও রাজীবপুর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চিলমারী-রৌমারী রুটে ফেরি চলাচলের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসির একটি প্রতিনিধিদল চিলমারী নদীবন্দর পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া কুড়িগ্রাম সফরে এসে রৌমারী ও রাজীবপুর উপজেলা পরিদর্শন করেন। ওই সময় জেলা শহরের সঙ্গে রৌমারী ও রাজীবপুর উপজেলাকে সংযুক্ত করে ব্রহ্মপুত্র নদে একটি ফেরি চালুর জন্য স্থানীয় লোকজন দাবি জানান। মুখ্য সচিব তাঁর সফরসঙ্গী নৌপরিবহনসচিব ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চালুর জন্য সিদ্ধান্ত হয়।
বুধবার দুপুরে ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চালুর সম্ভাব্যতা যাচাই কমিটির সদস্যদল চিলমারী নদীবন্দর এলাকা পরিদর্শন করেন এবং এ বিষয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানসহ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় বাংলাদেশ অভ্যন্তরীণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, ‘রৌমারী থেকে জেলা শহরের যাতায়াতের জন্য ফেরি চালুর জন্য কয়েকটি নৌপথ রয়েছে। আমরা সব নৌপথ পরিদর্শন করব। এ ক্ষেত্রে নদীর গতিপথ, জনচাহিদা এবং ব্রহ্মপুত্র নদের বারবার গতি পরিবর্তনের চ্যালেঞ্জ মাথায় রেখেই আমরা ফেরি চালুর উপযোগিতা নির্ধারণ করব। যেহেতু চিলমারী নদীবন্দর ঘিরে সরকারের একটি পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে চিলমারী নদীবন্দরকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।’
চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চালুর সম্ভাবতা যাচাই কমিটির সদস্যরা চিলমারী নদীবন্দর পরিদর্শন শেষে ব্রহ্মপুত্র নৌপথে রৌমারী যান। সেখানে তাঁরা কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সঙ্গে দেখা করেন।
চিলমারী-রৌমারী ফেরিঘাট সম্ভাব্যতা পরিদর্শনে আসেন বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন এবং বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান এবং চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান রোকুনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রমুখ।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, চিলমারী থেকে ফেরি চালু হলে ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন রৌমারী ও রাজীবপুর উপজেলার মানুষ সহজে কুড়িগ্রাম জেলা শহরে যাতায়াত করতে পারবে।