
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলটির নেতা–কর্মীরা। আজ শনিবার ভোরে নগরকান্দা উপজেলা সদরের টিঅ্যান্ডটি অফিসের সামনে অবস্থিত দলটির নিজস্ব দোতলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন নগরকান্দা শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিব লস্কর ও নগরকান্দা পৌর যুবলীগের সদস্য তরুণ পোদ্দার। পতাকা উত্তোলনের পর তাঁরা বিভিন্ন দলীয় স্লোগান দেন।
ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিব লস্করকে বলতে শোনা যায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে। তাঁদের নেতা শাহাদাব আকবর চৌধুরী লাবুর নির্দেশনায় উপজেলা যুবলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘যাঁরা দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছেন, তাঁদের প্রতি সাধুবাদ জানাই।’
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে সেখানে গিয়ে ফুল বা জাতীয় পতাকার কোনো আলামত পাওয়া যায়নি।
এর আগে গতকাল শুক্রবার সকালে ফরিদপুর শহরের থানা রোড এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়েও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।