সড়ক দুর্ঘটনায় নিহত আনসার–ভিডিপির উপজেলা কর্মকর্তা মো. আলাউদ্দিন
সড়ক দুর্ঘটনায় নিহত আনসার–ভিডিপির উপজেলা কর্মকর্তা মো. আলাউদ্দিন

মিরসরাইয়ে উল্টো পথে আসা অটোরিকশার ধাক্কায় নিহত আনসার কর্মকর্তা

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। নিহত আলাউদ্দিন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর বেদমা গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের অবুতোরাব বাজার সড়কের মাথায় এই দুর্ঘটনা ঘটে।

মিরসরাই থানা-পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, নিয়মিত পরিদর্শনের কাজে আজ দুপুরে মোটরসাইকেল চালিয়ে মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছিলেন মো. আলাউদ্দিন। পথে আবুতোরাব বাজার সড়কের মাথায় উল্টো দিক থেকে আসা একটি অটোরিকশা তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শুভ্রা দাশ বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা কর্মকর্তা মো. আলাউদ্দিনকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। তাঁর ডান পা ও হাতে আঘাতের চিহ্ন ছিল।

এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফরিদা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, ‘আজ দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কে উল্টো দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মো. আলাউদ্দিন নিহত হন। আমরা দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছি। নিহত কর্মকর্তার পরিবারের সঙ্গে কথা বলে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’