কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক সংসদ সদস্য সুলতানা আহাম্মেদ

সুলতানা আহাম্মেদ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গ্রেপ্তার জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা আহাম্মেদ (৫৮) জামিনে মুক্তি পেয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

সুলতানা আহাম্মেদ ঢাকার ধামরাই উপজেলার রাজাপুর এলাকার তৌফিক আহাম্মেদের স্ত্রী।

সুলতানা আহাম্মেদের বিরুদ্ধে মামলাটি করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল হামিদ।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল রহমান তাঁর মুক্তির বিষয় নিশ্চিত করে জানান, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে গত রোববার জামিন পান সুলতানা আহাম্মেদ। ওই দিনই তাঁর জামিনের কাগজ কারাগারে পাঠানো হয়। তাঁর জামিনের কাগজ যাচাই–বাছাই শেষে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় তাঁকে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

সুলতানা আহাম্মেদের বিরুদ্ধে মামলাটি করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল হামিদ। মামলায় অভিযোগ করা হয়, গত ১ সেপ্টেম্বর পল্টনে বিএনপির কর্মসূচি চলাকালীন সুলতানা আহাম্মেদ প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য দিয়েছেন। এর মাধ্যমে তিনি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন।