সাতক্ষীরার কালীগঞ্জের কৃষ্ণনগর এলাকায় এক বিকাশ ডিস্ট্রিবিউটরের কর্মীর ওপর হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। গতকাল রোববার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জের পশ্চিম মৌতলা গ্রামের মো. মোকলেছুর রহমান (৩৫) বিকাশ ডিস্ট্রিবিউটরের কর্মচারী। গতকাল বেলা তিনটার দিকে তিনি মোটরসাইকেলে করে কৃষ্ণনগর বাজারে যাচ্ছিলেন। পথে একদল দুর্বৃত্ত তাঁকে আটকে হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁকে রড দিয়ে মাথার পেছনে আঘাত করে। এ সময় তিনি পড়ে গেলে তাঁকে মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে ১০ লাখ টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
মোকলেছুর মাথায় গুরুতর আঘাত পান, একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিকাশ ডিস্ট্রিবিউটর লস্কর ট্রেডার্সের মালিক জাকির হোসেন লস্কর বলেন, তাঁর কর্মচারী মোকলেছুর রহমান বিভিন্ন এজেন্টের কাছ থেকে টাকা সংগ্রহ করে কৃষ্ণনগর বাজারে যাচ্ছিলেন। তাঁর কাছে প্রায় ১০ লাখ টাকা ছিল। পথে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা করে ওই টাকা নিয়ে গেছে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেন বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।