সাজেক পর্যটনকেন্দ্রে যাতায়াতে নতুন সময়সূচি

সাজেক রুইলুই গাড়ি পাড়া
ফাইল ছবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে রুইলুই পর্যটনকেন্দ্রে যাওয়া-আসার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে নতুন সময়সূচি কার্যকর হয়েছে বলে বাঘাইহাট সেনা জোনের এক চিঠিতে জানানো হয়েছে।

সাজেক রুইলুই রিসোর্ট-কটেজ মালিক সমিতিতে পাঠানো চিঠি সূত্রে জানা যায়, পর্যটকদের সুবিধার্থে ছয় বছর ধরে বাঘাইহাট থেকে রুইলুই পর্যটনকেন্দ্র পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় পর্যটকবাহী গাড়িগুলো আনা-নেওয়া করা হয়। শুরুর দিকে বাঘাইহাট থেকে একযোগে সকাল ১০টায় সব পর্যটকবাহী গাড়ি ছাড়া হতো। আবার রুইলুই থেকে বেলা তিনটায় গাড়িগুলো ফেরার পথ ধরত। পরবর্তী সময়ে বাঘাইহাট থেকে বেলা ১১টায় পর্যটকবাহী গাড়িগুলো ছাড়া হতো। রুইলুই থেকে ফিরত বেলা সাড়ে তিনটার দিকে।

মঙ্গলবার এক চিঠিতে নতুন করে আবার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, বাঘাইহাট থেকে সকাল ১০টায় গাড়ি ছাড়া হবে। আর রুইলুই পর্যটনকেন্দ্র থেকে গাড়ি ছাড়া হবে বেলা দুইটায়। এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকরের কথা চিঠিতে জানানো হয়। প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন সাজেক রুইলুই পর্যটনকেন্দ্রের রিসোর্ট-কটেজ মালিক সমিতির সদস্য ইন্দ্রজিৎ চাকমা।