
প্রেমিকার সঙ্গে দেখা করতে সুদূর চীন থেকে কুমিল্লার দেবীদ্বারে এসেছিলেন ৩৪ বছর বয়সী যুবক জিয়াকিয়ান। প্রায় ছয় মাসের পরিচয় থেকে গড়ে ওঠা প্রেমের সম্পর্ককে বিয়েতে রূপ দিতে এক সপ্তাহ আগে তিনি বাংলাদেশে আসেন। ঢাকায় হোটেলে অবস্থানের পর গতকাল শুক্রবার প্রেমিকার বাড়িতেও পৌঁছান। কিন্তু প্রেমিকার পরিবার রাজি না হওয়ায় শেষ পর্যন্ত হয়নি বিয়ে। শূন্য হাতে প্রেমিকার বাড়ি ছাড়তে হয়েছে চীনা ওই যুবককে।
গতকাল দেবীদ্বার উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমের টানে চীনা যুবক গ্রামে এসেছেন, এ খবর ছড়িয়ে পড়লে তাঁকে দেখতে বাড়িতে ভিড় করেন উৎসুক লোকজন। একপর্যায়ে বিয়ের বিষয়ে চীনা যুবকের সঙ্গে মেয়েটির পরিবারের আলোচনা হয়। তবে জিয়াকিয়ানের পরিবারের সদস্যদের অনুপস্থিতি এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মেয়েটির পরিবার বিয়েতে রাজি হয়নি।
আমরা গরিব মানুষ। আমার মাইয়াডারও বয়স কম। মোবাইলে ওই চীনা ছেলের লগে যোগাযোগ হইছে। ছেলেডা এক মাসের ভ্রমণ ভিসা লইয়া বাংলাদেশো আইছে। আমরার বাড়িতে আহনের পর হেরে কইছি, সে যদি বিয়া করতে চায়, তাইলে আইনি নিয়মে তার পরিবারের লোকজন আর ওই দেশের আইনি কাগজপত্র লইয়া আইতে হইবো। তাইলে তার লগে মাইয়ারে বিয়া দেওনের বিষয়টা চিন্তা কইরা দেহমু।মেয়েটির বাবা
পরে গতকাল মধ্যরাতে পুলিশের সহযোগিতায় প্রেমিকার বাড়ি ত্যাগ করেন জিয়াকিয়ান। বিষয়টি নিশ্চিত করে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, চীনা নাগরিকের আসার খবর পেয়ে তাঁর নিরাপত্তার কথা বিবেচনা করে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মেয়ের পরিবার বিয়েতে সম্মতি না দেওয়ায় ওই যুবক রাতেই ঢাকায় ফিরে গেছেন বলে পুলিশ জানতে পেরেছে।
প্রেমিকার (১৯) বরাত দিয়ে তাঁর স্বজনেরা জানান, জিয়াকিয়ান চীনের হুয়াইজিং শহরের ঝাওচিং এলাকার বাসিন্দা। প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটের (চীনের জনপ্রিয় মেসেজিং অ্যাপ) মাধ্যমে মেয়েটির সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভাষাগত প্রতিবন্ধকতা থাকায় বিভিন্ন অনুবাদ অ্যাপের সাহায্যে তাঁরা যোগাযোগ করতেন। একপর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়নে ২০ নভেম্বর ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসেন জিয়াকিয়ান। ঢাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন তিনি। গাড়ি ভাড়া করে গতকাল মেয়েটির বাড়িতে পৌঁছান ওই চীনা যুবক।
স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েটি জিয়াকিয়ানকে বিয়ে করতে রাজি ছিলেন। বিয়ে করে তিনি চীনে যেতে চান। তবে তাঁর মা–বাবা এ বিয়েতে রাজি হননি। পরে পুলিশও মেয়েটিকে তাঁর নিরাপত্তার বিষয়টি বোঝায়। পরে তিনি মা–বাবার সিদ্ধান্ত মেনে নেন।
মেয়েটির বাবা পেশায় কৃষক। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা গরিব মানুষ। আমার মাইয়াডারও বয়স কম। মোবাইলে ওই চীনা ছেলের লগে যোগাযোগ হইছে। ছেলেডা এক মাসের ভ্রমণ ভিসা লইয়া বাংলাদেশো আইছে। আমরার বাড়িতে আহনের পর হেরে কইছি, সে যদি বিয়া করতে চায়, তাইলে আইনি নিয়মে তার পরিবারের লোকজন আর ওই দেশের আইনি কাগজপত্র লইয়া আইতে হইবো। তাইলে তার লগে মাইয়ারে বিয়া দেওনের বিষয়টা চিন্তা কইরা দেহমু।’
মেয়ের বাবা আরও বলেন, ওই যুবক সত্যিই ভালোবেসে বিয়ে করতে এসেছেন, নাকি তাঁর অন্য কোনো উদ্দেশ্য আছে, তা বোঝা কঠিন। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মেয়েকে বিয়ে দিয়ে অনিশ্চয়তার মধ্যে ফেলতে চান না তাঁরা।
ওসি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি, অল্পবয়সী মেয়েদের লক্ষ্য করে বিদেশি একটি চক্র প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের কথা বলে বিদেশে নিয়ে পাচার কিংবা নানা ধরনের ফাঁদে ফেলার ঘটনাও ঘটেছে। এ ধরনের ঘটনায় প্রয়োজনীয় আইনি কাগজপত্র না থাকলে ভুক্তভোগী পরিবার বিপাকে পড়ে। জিয়াকিয়ান ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসেছেন। বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তাঁর সঙ্গে ছিল না।’