ছেলের মারধরে বুকের হাড় ভেঙে মা আইসিইউতে

রাজশাহী জেলার মানচিত্র
রাজশাহী জেলার মানচিত্র

রাজশাহী নগরের বোয়ালিয়া থানা এলাকায় এক ছেলে পিটিয়ে তাঁর মায়ের (৬৫) বুকের হাড় ভেঙে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই মা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। ঘটনার পর ওই ছেলেকে পাবনায় মানসিক হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ষাটোর্ধ্ব ওই নারীর স্বামী মারা গেছেন। দুই ছেলের মধ্যে একজন ভারতে থাকেন। এই ছেলে মায়ের সঙ্গে থাকছিলেন। ৯ মে মারধরের একপর্যায়ে অচেতন হয়ে যান ওই মা।

প্রতিবেশীরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে যান। এরপর তাঁকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। রক্তপাত হতে থাকলে ভর্তির পর তাঁকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়। পরে তাঁকে আইসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকেরা।

প্রতিবেশীদের ভাষ্য, ওই ছেলের চায়ের দোকান ছিল। এখন আর দোকানটি নেই। পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে প্রায়ই ঝামেলা করতেন তিনি। তাঁর মানসিক সমস্যা আছে। এ জন্য তাঁকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ এ নিয়ে থানায় অভিযোগ করেননি।

রাজশাহী মেডিকেলের আইসিইউর দায়িত্বে থাকা চিকিৎসক আবু হেনা মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ওই মাকে প্রথমে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে তাঁকে গতকাল মঙ্গলবার ভোরে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। আঘাতে তাঁর বুকের হাড় ভেঙে গেছে।

ওই মাকে চিকিৎসা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন জানিয়ে এই চিকিৎসক বলেন, তাঁর চিকিৎসা–সংক্রান্ত সব খরচ হাসপাতালের জাকাত তহবিল এবং প্রতিবেশীদের পক্ষ থেকে বহন করা হচ্ছে। আইসিইউতে তাঁর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। তাঁর মাথায় আঘাত করা হয়েছে। ফলে এখনই তাঁর অবস্থা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।