
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপির সঙ্গে জনগণ নেই, এ জন্য তাদের আন্দোলন করার সামর্থ্য নেই। তাদের আন্দোলনের মৃত্যু ঘটেছে। এখন চলছে চল্লিশার কর্মসূচি। দেশের উন্নয়নে বিএনপির কোনো ভূমিকা নেই। তাদের রাজনীতি শুধু লুটপাট আর খাই খাই। কোন ভরসায় মানুষ বিএনপিকে ভোট দেবে?
আজ শুক্রবার বেলা ১১টার দিকে নওগাঁর পোরশা উপজেলার পোরশা উচ্চবিদ্যালয় ও মাদ্রাসা মাঠে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপিকে ‘সন্ত্রাসীদের দল’ আখ্যা দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি শুধু লুটপাট আর সন্ত্রাসের। দেশের মানুষ উন্নয়ন চায়, লুটপাট আর সন্ত্রাস চায় না। শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন বলেই আগামী নির্বাচনে জনগণ উন্নয়নের পাশে থাকবে, শেখ হাসিনাকে ভোট দেবে।
প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছাতে নেতা-কর্মীদের জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরি করে দিয়েছেন। তাঁদের সম্মানী, ভাতা বাড়িয়েছেন। গৃহহীন মানুষের ঘর তৈরি করে দিয়েছেন। বয়স্কদের ভাতা দিচ্ছেন, বিধবারাও ভাতা পাচ্ছেন। এমন কোনো খাত নেই, যেখানে প্রধানমন্ত্রীর সাহায্য-সহযোগিতা পৌঁছায়নি। দেশের উন্নয়নে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে।
বর্তমান সরকার ‘কৃষকবান্ধব’ মন্তব্য করে খাদ্যমন্ত্রী বলেছেন, সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশে খাদ্যসংকট হয়নি, হবেও না। তিনি বলেন, কৃষকের জন্য সরকার ভর্তুকি মূল্যে সার দিচ্ছে। বিনা মূল্যে বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে। কৃষক তাঁর ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন। অথচ বিএনপির আমলে সার চেয়ে কৃষক গুলি খেয়েছিলেন। প্রাণ গিয়েছিল ১৯ কৃষকের। আর শেখ হাসিনার সরকার পদ্মা সেতু করেছে, মেট্রোরেল চলছে আর পাতালরেলের কাজও চলছে। ২০২৩ সালে আরও অনেক মেগা প্রকল্পের সুফল পাবে দেশের জনগণ।
তেঁতুলিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রেজিয়া পারভীনের সভাপতিত্বে সম্মেলনে নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল খালেক, পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, পোরশা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও পোরশা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা খাতুন বক্তব্য দেন।