
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। গত ছয় মাসে চাল, ডাল, তেলসহ অন্যান্য পণ্যের দাম কয়েক দফা বেড়েছে। কিন্তু মানুষের আয় বাড়েনি। এতে দেশের বেশির ভাগ মানুষ সংকটে পড়েছেন। তবে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের মানুষ বেশি কষ্টে আছেন। নিম্ন আয়ের অনেক পরিবারকে তিন বেলা খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে।
বাজারের নিত্যপণ্যের দাম বিশ্লেষণ করে দেখা গেছে, গত কয়েক মাসে তেলের দাম ১৬৬ টাকা থেকে বেড়ে ১৯২ টাকা, চালের দাম ৫৫ টাকা থেকে বেড়ে ৮০ টাকা, ডালের দাম ১২৫ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে। এ ছাড়া চিনি, মাছ, মাংস ও শাক-সবজির দামও চড়া। এতে দরিদ্র পরিবারগুলোকে ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে। কেউ কেউ ভিক্ষাবৃত্তি শুরু করেছেন।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব নিয়ে গাইবান্ধার নিম্ন আয়ের দুটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয় এই প্রতিনিধির। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, দ্রব্যমূল্য লাফিয়ে লাফিয়ে বাড়ায় তাঁদের খুব কষ্ট করে সংসার চালাতে হচ্ছে।
গাইবান্ধার বাঁশহাটা গ্রামের চায়ের দোকানি পারুল বেগমের (৩৫) সংসার চলে চা বিক্রি করে। গাইবান্ধা-সাঘাটা সড়ক ঘেঁষে বাঁশহাটা গ্রামেই তাঁর চায়ের দোকান। দোকানে কোনো কর্মচারী নেই। পারুল বেগম নিজেই চা তৈরি করেন। সেই চা তাঁর স্বামী জাকির হোসেন (৪২) ক্রেতাদের মধ্যে পরিবেশন করেন। নিত্যদ্রব্যের দাম বাড়ায় দোকানে ক্রেতা কমে গেছে। এতে আয়রোজগারও কমে গেছে। কোনোভাবে ডাল–ভাত খেয়ে পাঁচ সদস্যর সংসার চলছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালাতে কষ্ট হচ্ছে কি না, জানতে চাইলে পারুল বেগম বলেন, ‘বাজারোত জিনিসপাতির দাম বাড়ি গ্যাচে। যত দিন যায়, জিনিসের দাম তত বাড়ব্যার নাগচে। হামারঘরে সোংসারের খরোচ বারি গ্যাচে, দোকানোত চা বেচাকেনা বাড়ে নাই। আগের চাইতে বেচাকেনা কমি গ্যাচে। ট্যাকার অবাবোত (অভাবে) মানসে (মানুষ) একন চা কমকরি খায়। আগে পোত্তেক মাসে (প্রতি মাসে) আট-নয় হাজার ট্যাকা কামাই করচি। একন চার-পাঁচ হাজার ট্যাকাই কামাই হয়না। পোত্তেক দিন পাঁচজনে খাওয়া নাগে। দেনাকরি চলব্যার নাগচি। এ্যাক দিন চলি যায়, মনে হয় যেন এ্যাক বচর চলি গ্যালো।’
খোঁজ নিয়ে জানা গেছে, পারুল-জাকিরের তিন সন্তান। বর্তমানে পাঁচ সদস্যের সংসার। আড়াই শতক বসতভিটা। এ ছাড়া কোনো সম্পদ নেই। ১৫ হাত লম্বা টিনশেড ঘর। সেটিও সাঘাটা ইউপি চেয়ারম্যানের সহায়তায় করা। আঙিনায় রান্নাবান্না চলে।
পারুল ও জাকিরের সঙ্গে কথা বলে জানা যায় , চা বিক্রির আয় দিয়ে সংসার চলছে না। মাসে এক হাজার টাকা দোকানভাড়া দিতে হয়। তিনবেলা খাওয়া, ওষুধ কেনা, ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে। প্রতি মাসেই আত্মীয়স্বজন ও এলাকাবাসীর কাছে ধারদেনা করে সংসার চলছে। চাল, ডাল, তরকারি ও ওষুধের দোকানে বাকি বেড়েছে। বাধ্য হয়ে স্থানীয় এক এনজিও থেকে ঋণ নিতে হয়েছে। এ পর্যন্ত তাঁদের ১ লাখ ৮০ হাজার টাকা ঋণ হয়েছে। ঋণের মাসিক কিস্তি দিতে হচ্ছে ১ হাজার ৮০০ টাকা।
দুই বেলা খাওয়াদাওয়া ঠিকমতো হচ্ছে না। কবে মাংস কিংবা বড় মাছ কিনেছেন, তা মনে নেই। শাকসবজি ও ভর্তা দিয়েই প্রতিদিন ভাত খেতে হচ্ছে। ছেলেমেয়েরা এসব খেতে চায় না। তারা মাংস খেতে চায়। কিন্তু কিনবেন কী করে! মাংস কেনার মতো সামর্থ্য নেই।জাকির হোসেন, চায়ের দোকানি, বাঁশহাটা গ্রাম, গাইবান্ধা
জাকির হোসেন বলেন, দুই বেলা খাওয়াদাওয়া ঠিকমতো হচ্ছে না। কবে মাংস কিংবা বড় মাছ কিনেছেন, তা মনে নেই। শাকসবজি ও ভর্তা দিয়েই প্রতিদিন ভাত খেতে হচ্ছে। ছেলেমেয়েরা এসব খেতে চায় না। তারা মাংস খেতে চায়। কিন্তু কিনবেন কী করে! মাংস কেনার মতো সামর্থ্য নেই।
নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় গাইবান্ধার রাধাকৃঞ্চপুর গ্রামের রিকশাচালক রহমান তালুকদারের পরিবারের একই অবস্থা। পাঁচ সদস্যের সংসার তাঁর। স্ত্রী আসমা বেগম গৃহিণী। পাঁচ শতক বসতভিটায় মা–বাবাসহ তিন ভাইয়ের বসবাস।
রিকশা চালিয়ে সংসার চলছে না তাঁর। আগে প্রতিদিন ছয়-সাত ঘণ্টা রিকশা চালাতেন। এতে ৫০০-৬০০ টাকা আয় হতো। এখন ৯-১০ ঘণ্টা রিকশা চালান। কিন্তু আয় করেন ২৫০-৩০০ টাকা। চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় দুই বেলার খাবারই জুটছে না তাঁদের।
রহমান তালুকদার বলেন, ‘সরকারি কোনো সুবিদে হামরা পাইনে। খাওয়ান তো বনদো থোয়া যায় না। পোত্তেক দিন দেনা করতে করতে ম্যালা ট্যাকা দেনা হচে। এগলা ক্যামন করি শোদ করমো, চিনতাত আচি। পোত্তেক দিন দুই সের চাউল (চাল) নাগে। আগে এ্যাক সের চাউল ৩০-৩৫ ট্যাকা দিয়া কিনচি। একন এক সের চাউল ৫৫-৬০ ট্যাকা। তরিতরকারি, অন্য খরোচ তো আছেই। তাই আলুর ভর্তা, শাক দিয়া দুই ব্যালা ভাত খাচ্চি।’
রহমান তালুকদারের স্ত্রী আছমা বেগম জানান, গত দুই বছরে তাঁরা এনজিও থেকে ৬৪ হাজার টাকা ঋণ নিয়েছেন। সাপ্তাহিক কিস্তি ১ হাজার ৬০০ টাকা দিতে হয়। যে টাকা আয় হয়, তা কিস্তি দিতেই চলে যায়। সন্তানদেরও ঠিকমতো খাওয়াতে পারছেন না। এভাবে আর কত দিন চলবে তা জানেন না।
এ বিষয়ে গাইবান্ধার বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, এই ইউনিয়নে ৩০ হাজার ১০০ মানুষ আছে। এর মধ্যে দরিদ্র মানুষ ১৫ হাজার ২০০ জন। এরা সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে। তবে সরকারি বরাদ্দ তুলনামূলক অনেক কম থাকায় সবার কাছে সরকারি সুযোগ–সুবিধা পৌঁছানো সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল আলম বলেন, দরিদ্র মানুষের জন্য স্বল্প মূল্যের খাদ্য বিতরণ, ভিজিডি কার্ডের মাধ্যমে চাল ডাল ও গম বিতরণ করা হচ্ছে।