শরণখোলায় সরকারি চাল জব্দ, গ্রাম পুলিশ ও ব্যবসায়ী আটক

বাগেরহাট জেলার মানচিত্র
বাগেরহাট জেলার মানচিত্র

বাগেরহাটের শরণখোলায় আরাফাত স্টোর নামের একটি দোকান থেকে এক মেট্রিক টন সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়া বাজার থেকে এসব চাল জব্দ করা হয়। ওই চাল বিক্রির অভিযোগে এক গ্রাম পুলিশ ও এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া বাজারের আরাফাত স্টোর থেকে দুই বস্তা চাল কিনে ভ্যানে তুলছিলেন এক ব্যক্তি। এ সময় ওই দোকানের পাশে সরকারি চালের একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যক্তিদের সন্দেহ হয়। পরে তাঁরা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চাল উদ্ধার করা হয়েছে উল্লেখ করে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী বলেন, মঙ্গলবার সকালে আমড়াগাছিয়া বাজারের একটি দোকান থেকে ২০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী আরও বলেন, চাল মজুত করার অভিযোগে ধানসাগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ নজরুল ইসলাম স্বপন ও আরাফাত স্টোরের মালিক মো. কামাল হোসেনকে আটক করা হয়েছে। মো. কামাল হোসেন ওই চাল গ্রাম পুলিশ নজরুল ইসলাম স্বপনের কাছ থেকে কিনেছেন বলে জানিয়েছেন। এ ঘটনায় নিয়মিত মামলা হচ্ছে।