কিশোরগঞ্জে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

আদালত
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গৃহবধূ প্রজ্ঞা মোস্তফাকে (২৬) হত্যার দায়ে তাঁর স্বামী দেলোয়ার হোসেনকে (৩৮) মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত দেলোয়ার।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, বিয়ের পর দেলোয়ার বিদেশ চলে যান। পরে বিদেশ থেকে ফিরে তিনি প্রজ্ঞাকে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা যৌতুক আনার জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে স্ত্রীকে নানাভাবে শারীরিক নির্যাতন করেন তিনি। এর জেরে ২০১৯ সালের ২১ মার্চ সকালে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে প্রজ্ঞাকে হত্যা করেন দেলোয়ার।

এ ঘটনায় নিহত প্রজ্ঞার বাবা জামাতা দেলোয়ারকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ২৯ জুলাই করিমগঞ্জ থানার উপপরিদর্শক আবদুল্লাহ আল মাসুদ আদালতে অভিযোগপত্র জমা দেন। শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এম এ আফজল। তিনি বলেন, স্ত্রী হত্যায় দেলোয়ার হোসেন দোষী প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।