বরিশালের গৌরনদীর নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার সকালে
বরিশালের গৌরনদীর নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার সকালে

জনগণের ওপর ক্ষমতা দেখানো নেতা-কর্মীরা দলের শত্রু : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, যাঁরা জনগণের ওপর ক্ষমতা দেখান, জনগণকে ছোট করেন, তেলাপোকা-ছারপোকা মনে করেন, এ ধরনের ঔদ্ধত্য যেসব রাজনৈতিক নেতা-কর্মী দেখান, তাঁরা দলের শত্রু, জনগণের শত্রু। জনগণ যদি ঠিক থাকে, তাহলে কোনো ষড়যন্ত্রকারীরই কোনো ক্ষমতা থাকবে না।

আজ মঙ্গলবার সকাল ১০টায় বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খালের পাশে উপজেলা কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

এ সময় তথ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতি বরদাশত করা হবে না উল্লেখ করে বলেন, ‘যাঁরা সুবিধাভোগীদের তালিকা প্রণয়নের দায়িত্ব পালন করবেন, তাঁরা প্রকৃত দাবিদারদের তালিকা থেকে বাদ দিয়ে ভুয়া দাবিদারকে যাতে তালিকাভুক্ত না করেন, সেই বিষয়ে সতর্ক করছি।’ তিনি আরও বলেন, ‘কাজ বণ্টনের নামে কেউ যদি দালালির দায়িত্ব নেয়, প্রমাণসহ আমাদের কাছে নিয়ে আসবেন। মাঝখানে কোনো দালাল, মধ্যস্বত্বভোগীকে থাকতে দেওয়া যাবে না।’

জহির উদ্দিন স্বপন সোমবার দু্ই দিনের সফরে বরিশালে আসেন। আজ মঙ্গলবার তিনি সকাল থেকে বিকেল পর্যন্ত তাঁর নিজ নির্বাচনী এলাকায় গৌরনদী উপজেলায় সকাল থেকে বিকেল পর্যন্ত বেশ কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ। আমাদের দেশের এত ক্ষমতার মালিক শেখ হাসিনাকে শেষ পর্যন্ত বিড়ালের মতো পালিয়ে যেতে হয়েছে। ভারতের মতো একটি বড় রাষ্ট্রে অল্পবয়সী তরুণ ছাত্রদের তেলাপোকার সঙ্গে তুলনা করা হয়েছিল। সেই দেশটির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সেই তেলাপোকাদের কারণেই সেই দেশের সরকারকে আত্মসমর্পণ করে তাদের দাবি মেনে নিতে হয়েছে। অতএব যখন-তখন জনগণকে ছোট করা, তেলাপোকা বা ছারপোকা মনে করা, এ ধরনের ঔদ্ধত্য যেসব রাজনৈতিক নেতা-কর্মী দেখান, তাঁরা দলের শত্রু ও জনগণের শত্রু। অতীতে আমি এ বিষয়ে সতর্ক করেছি, বর্তমানেও সতর্ক করে দিচ্ছি।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘ধানের শীষের হাতে যখন ক্ষমতা আসে এবং শহীদ জিয়া পরিবারের হাতে যখন শাসনক্ষমতার দায়িত্ব আসে, তখন সেই ক্ষমতার কোনো অপপ্রয়োগ সর্বোচ্চ মহলে হয় না। কিন্তু নিচের পর্যায়ে আমরা কেউ ভুলভ্রান্তি করলে সেই দায়িত্ব শেষ পর্যন্ত দলের ঘাড়ে যায়। তাই বিভ্রান্তিকর নেতা-কর্মীদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।’

উপজেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান (মুকুল), উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্যসচিব শরীফ শফিকুর রহমান প্রমুখ।

পরে তথ্যমন্ত্রী বরিশালের গৌরনদীতে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে দিনব্যাপী তিনটি পৃথক কর্মসূচিতে অংশ নেন। উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা ও ক্রীড়াসামগ্রী বিতরণ করেন তিনি।

বেলা ১১টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও এর পরিচর্যার দায়িত্ব নিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন। আগামী ৩০ জুলাই পর্যন্ত এ বৃক্ষমেলা চলবে।

গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিতে জেলা পর্যায়ে অংশ নেওয়া কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে

পরে দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৬-এর অর্থায়নে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করেন তথ্যমন্ত্রী। একই অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিতে জেলা পর্যায়ে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

শেষে তথ্যমন্ত্রী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়াসামগ্রী ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।