অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজন
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজন

মাছ ধরার নৌযানে মিয়ানমারে সিমেন্ট পাচার, ৩৩ জন গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন উপকূল থেকে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ ৩টি নৌযান জব্দ করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। একই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৩৩ জনকে। গতকাল শনিবার দিনভর এই অভিযান চলে। আজ রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে অভিযানের বিষয়ে জানায় কোস্টগার্ড।

কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, জব্দ করা সিমেন্টের বস্তাগুলো মাছ ধরার তিনটি নৌযানে মিয়ানমারে পাচার হচ্ছিল। গোপনে খবর পেয়ে এসব নৌযান জব্দ করা হয়। এ ঘটনায় টেকনাফ থানায় কোস্টগার্ডের পক্ষ থেকে মামলা করা হয়েছে। জব্দ করা সিমেন্ট ও গ্রেপ্তার ব্যক্তিদের আজ দুপুরে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁরা চট্টগ্রামের হাতিয়া ও সন্দ্বীপের বিভিন্ন এলাকা থেকে সিমেন্টের বস্তাগুলো সংগ্রহ করে মিয়ানমারে নিয়ে যাচ্ছিলেন।

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে কক্সবাজার আদালতে পাঠানো হবে।