নেত্রকোনার পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ঝটিকা মিছিল
নেত্রকোনার পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ঝটিকা মিছিল

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬

নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি করেন।

মামলায় ছাত্রলীগ কর্মী মাসুদ রানাকে প্রধান আসামি করে ৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে। পরে আটক ছয়জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুক্তিযোদ্ধা আওয়ামী প্রজন্ম লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রলীগ কর্মী মাসুদ রানা ও মাজহারুল ইসলাম, যুবলীগ কর্মী শাহজাহান খান, আতাউর রহমান ও হযরত আলী।

এর আগে গতকাল শুক্রবার সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের ফাজিলপুর বাজার এলাকায় ঝটিকা মিছিলটি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইন এবং উপজেলা যুবলীগের সহসভাপতি রাউফির রায়হান এ মিছিলে নেতৃত্ব দেন।

পুলিশ, স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে ফাজিলপুর বাজার এলাকায় হঠাৎ মিছিলটি বের হয়। পরে মিছিলের ২ মিনিট ৫২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, জাতীয় পতাকা হাতে শাহাদত হোসাইন মিছিলে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর পেছনে ৬০–৭০ জন নেতা-কর্মী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে একজনের মাথায় হেলমেট দেখা গেলেও বেশির ভাগের মুখ খোলা ছিল।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এদিকে শুক্রবার সকালে নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের বাইপাস সড়কে জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গৌরব আহমেদ খানের নেতৃত্বে আরেকটি ঝটিকা মিছিলের অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪৬ সেকেন্ডের একটি ভিডিওতে তাঁকে ব্যানারের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায়। তাঁর পেছনে ২০–২৫ জন ব্যক্তি মুখে মাস্ক পরে মিছিলে অংশ নেন।