রাজবাড়ী সদর উপজেলার লালগোলা এলাকার পদ্মা নদীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল শনিবার ছিল আয়োজনের শেষ দিন
রাজবাড়ী সদর উপজেলার লালগোলা এলাকার পদ্মা নদীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল শনিবার ছিল আয়োজনের শেষ দিন

রাজবাড়ীতে নৌকাবাইচে এগিয়ে থাকা নৌকায় ধাক্কা, ডুবে যাওয়ার পর মাঝিদের মারধর

রাজবাড়ীর পদ্মা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনালে এগিয়ে থাকা নৌকাকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পিছিয়ে থাকা নৌকার মাঝিমাল্লাদের বিরুদ্ধে। এ সময় ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধরও করা হয়। এতে অন্তত ২০ জন মাঝি আহত হয়েছেন।

গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজবাড়ী সদর উপজেলার লালগোলা এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও আয়োজক কমিটির সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে গুরুতর আহত নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আয়োজক কমিটির সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গোদারবাজার এলাকায় পদ্মা নদীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। গতকাল শনিবার ছিল প্রতিযোগিতার শেষ দিন। সন্ধ্যা ছয়টার দিকে প্রতিযোগিতার ফাইনালে অংশ নেয় পাবনার আমিনপুর থানার ‘নিউ শাড়ির ভিটা’ এবং কুষ্টিয়ার ‘নিউ জনতা সংগ্রাম’ নামের দুটি নৌকা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ফাইনালে নৌকা দুটি গোদারবাজার থেকে ভাটির দিকে উড়াকান্দা এলাকার দিকে যাচ্ছিল। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় আলোর স্বল্পতায় নৌকা দুটি ভালোভাবে দেখা যাচ্ছিল না। দুই নৌকার মধ্যে তখন তুমুল প্রতিযোগিতা চলছিল। লালগোলা এলাকায় ‘নিউ শাড়ির ভিটা’ নৌকাটি কিছুটা এগিয়ে যায়। এরপর ‘নিউ জনতা সংগ্রাম’ নৌকার ধাক্কায় সেটি পদ্মায় ডুবে যায়।

নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রতিপক্ষের নৌকার মাঝিদের হামলায় আহত মাঝিদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে

রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন ‘নিউ শাড়ির ভিটা’ নৌকার মাঝি রওশন সরকার বলেন, তাঁদের নৌকায় প্রায় ৮০ জন মাঝি ছিলেন। তাঁরা প্রতিযোগিতায় এগিয়ে ছিলেন। তখন ‘নিউ জনতা সংগ্রাম’ নৌকা ডান পাশ থেকে তাঁদের নৌকায় ধাক্কা দেয়। এতে তাঁদের নৌকাটি ডুবে যায়। পরে অপর নৌকার মাঝিরা বাঁশ, লাঠি ও বইঠা দিয়ে তাঁদের মারধর করেন।

সন্ধ্যায় স্বল্প আলোয় প্রতিযোগিতা চলায় নিরাপত্তার জন্য স্পিডবোট নিয়ে নৌকা দুটির পিছনে ছিল নৌ পুলিশ। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একটি নৌকার ধাক্কায় নিউ শাড়ির ভিটা নামের নৌকাটি ডুবে যায়। ফায়ার সার্ভিস ও আয়োজক কমিটির সহযোগিতায় দ্রুত নৌকাটির ৭৫ থেকে ৮০ জন মাঝিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট রাজীব দে সরকার প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আহত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে ভর্তি করা হয়েছে। অন্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের বেশির ভাগের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে।

ঘটনার পর প্রতিযোগিতা ছেড়ে পালিয়ে যান কুষ্টিয়ার ‘নিউ জনতা সংগ্রাম’ নৌকার মাঝিরা। আয়োজকেরা তাঁদের কারও মুঠোফোন নম্বর না দিতে পারায় অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

রাজবাড়ীতে পদ্মা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা। গতকাল শনিবার বিকেলে

আয়োজক কমিটির সদস্যসচিব ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘নিউ শাড়ির ভিটা’ নৌকায় হামলার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান ‘নিউ জনতা সংগ্রাম’ নৌকার মাঝিরা। চেষ্টা করেও তাদের আটক করা যায়নি। তিনি বলেন, আজ রোববার দুপুরে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তাঁর রাজবাড়ী শহরের বাসভবনে বিজয়ী ‘নিউ শাড়ির ভিটা’ নৌকাকে বিজয়ী ঘোষণা করে প্রথম পুরস্কার দুই লাখ টাকা দিয়েছেন।