দিনাজপুরে আওয়ামী লীগ

দশ বছর পর সম্মেলন, নতুন নেতৃত্বের আশা 

২০১২ সালের ২৩ ডিসেম্বর সর্বশেষ সম্মেলন হয়েছিল। তৃণমূলের নেতারা নেতৃত্বে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন।

■ সভাপতি পদপ্রত্যাশী তিনজন। তাঁদের মধ্যে বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী আছেন।

■ সাধারণ সম্পাদক পদের জন্য লড়ছেন ১১ জন। তাঁদের মধ্যে সংসদ সদস্য মনোরঞ্জন শীল ও শিবলী সাদিকও রয়েছেন।

এক দশক পরে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনের আগে জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদপ্রত্যাশী নেতারা ফেসবুকে প্রচার–প্রচারণা চালাচ্ছেন। অনেকে দলের শীর্য পর্যায়ে দৌড়ঝাঁপ করছেন। 

দলীয় সূত্র বলছে, সম্মেলনের মাধ্যমে নেতৃত্বে পরিবর্তন আসবে বলে নেতা–কর্মীরা প্রত্যাশা করছেন। বর্তমান বাস্তবতায় স্থানীয়ভাবে গ্রহণযোগ্য এবং দক্ষতা ও বিচক্ষণতা বিবেচনায় নিয়ে দলীয় সভানেত্রী নেতৃত্ব নির্বাচন করবেন। 

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালের ২৩ ডিসেম্বর। তারপর কেটে গেছে ১০ বছর। এর মধ্যে কয়েকবার সম্মেলন হওয়ার কথা থাকলেও তা হয়নি।  ইতিমধ্যে জেলা পর্যায়ে দলের ১৪টি ইউনিটের মধ্যে বিরামপুর ছাড়া সব ইউনিটের কমিটি গঠন করা হয়েছে। ১০ বছর পরে সম্মেলনের দিন ধার্য করা হলেও কাউন্সিলররা ভোট দিয়ে নেতা নির্বাচন করতে পারবেন কি না, সে বিষয়টি এখনো অনিশ্চিত। আওয়ামী লীগের জেলা কমিটির সভাপতি ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের কথায় এমন আভাসই পাওয়া গেছে। তিনি বলেন, রংপুর বিভাগীয় কমিটি আছে। তারা পদপ্রত্যাশী নেতাদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন। তাঁরা কমিটি গঠনের ক্ষেত্রে দলীয় সভানেত্রীর পরামর্শ ও নির্দেশনা সাপেক্ষ সিদ্ধান্ত নেবেন।

দলীয় সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর গোর-এ-শহীদ বড় মাঠে সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলন উদ্বোধন করবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। 

 নতুন কমিটিতে জেলার সভাপতি হিসেবে আলোচনায় আছেন বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী ও বর্তমান ক‌মি‌টির সহসভাপ‌তি আবুল কালাম আজাদ । তবে সাধারণ সম্পাদক পদ পাওয়ার চেষ্টা করছেন অন্তত ১১ জন। তাঁদের মধ্যে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর-১ ও ৬ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এবং শিবলী সাদিকও রয়েছেন। সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী অপর নেতারা হলেন বর্তমান কমিটির সহসভাপতি আলতাফুজ্জামান মিতা, যুগ্ম সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী, মির্জা আশফাক, জেলা কমিটির সদস্য ও বিরল উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলাম, সাবেক যুবলীগ সভাপতি দেলোয়ার হোসেন, জেলা ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি এমরান ল‌তিফ প্রমুখ।