আহত মোটরসাইকেল আরোহী মো. এনামুল হক
আহত মোটরসাইকেল আরোহী মো. এনামুল হক

দুর্ঘটনায় আহত হয়ে জ্ঞান হারান, হাসপাতালে নেওয়ার পর পকেটে মিলল ৯৫০টি ইয়াবা

খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত এক মোটরসাইকেল আরোহীর পকেট থেকে ৯৫০টি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ির গভামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. এনামুল হক (৪৫)। তাঁর বাড়ি চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার উত্তর কুলগাঁও এলাকায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাঁর ডান হাত ভেঙে যায় এবং মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশ জানায়, মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির পকেট তল্লাশি করে ৯৫০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। পরে তাঁকে পুলিশি পাহারায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।