সাক্ষাৎকারে আবদুস সাত্তার ভূঁইয়া

‘আমার প্রস্তাবে রুমিন এমপি হয়েছেন, এখন আমার বিরুদ্ধে কথা বলেন’

আবদুস সাত্তার ভূঁইয়া
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে আলোচিত প্রার্থী বিএনপির দলছুট নেতা আবদুস সাত্তার ভূঁইয়া। দল থেকে পদত্যাগের পর একরকম আড়ালেই ছিলেন। ফোনেও কথা বলেননি কারও সঙ্গে। গতকাল বৃহস্পতিবার সরাইল উপজেলার পরমানন্দপুর হাজী মকসুদ আলী ভূঞা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে মতবিনিময় সভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি। সার্বিক বিষয় নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে।

প্রশ্ন

কেমন আছেন?

আবদুস সাত্তার: ভালো আছি।

প্রশ্ন

দল ছাড়লেন কেন?

আবদুস সাত্তার: (কিছুক্ষণ ভেবে) দীর্ঘদিন বিএনপি করলাম। আমার হাতে এখানে বিএনপির জন্ম। এখন যদি মানসম্মান না থাকে দল করব কীভাবে? মানুষ মানসম্মানের জন্যই দল করে। দল থেকে কয়েক বছর ধরে সম্মান পাইনি। দলের কেউ কোনো কিছুর বিষয়ে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেনি। দল ও দলের নেতা-কর্মীদের কাছ থেকে মূল্যায়ন পাইনি। মূল্যায়ন না পেলে দল করে কী করব? তাই দল থেকে পদত্যাগ করেছি।

প্রশ্ন

বিএনপির দলীয় প্রধানের সঙ্গে কী আপনার যোগাযোগ হয়েছে?

আবদুস সাত্তার: দলের প্রধান বেগম খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগ নেই। তিনি অসুস্থ। সুস্থ থাকলে দলে এই সমস্যাগুলো হতো না।

প্রশ্ন

দীর্ঘদিন দল করেছেন। আপনি কী মনে করেন সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপির নেতারা নির্বাচনে আপনার সঙ্গে আছেন?

আবদুস সাত্তার: আমার মনে হয় সঙ্গে আছেন। অনেক নেতারাই তো আজ (গতকাল বৃহস্পতিবার সরাইলের পরমানন্দপুরের মতবিনিময় সভা) আমার মতবিনিময় সভায় এসেছেন। নেতা-কর্মীদের উপস্থিতি দেখে আমার অনেক ভালো লেগেছে।

ব্রাহ্মণবাড়িয়া–২ উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়ার মতবিনিময় সভার মঞ্চে আছেন আওয়ামী লীগ নেতারা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সরাইল উপজেলার পরমানন্দপুর হাজী মকসুদ আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে
প্রশ্ন

মতবিনিময় সভায় আপনার পাশে আওয়ামী লীগের নেতারাও তো ছিলেন। এ নিয়ে কী বলবেন?

আবদুস সাত্তার: (কোনো উত্তর নেই)।

প্রশ্ন

দলের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা রয়েছে, সরকারের চাপে বা আর্থিক সুবিধা কিংবা অন্য কোনো প্রলোভনের জন্য বিএনপি ছেড়েছেন।

আবদুস সাত্তার: না, এমন কিছু নয়। এমন কিছু করলে তো সবই দেখবেন, সবই জানবেন।

প্রশ্ন

তাহলে অপবাদ দিচ্ছে কেন?

আবদুস সাত্তার: অপবাদ তো দিতেই পারে। তারা কথা বলতেই পারে। আমিও বলতে পারি। পারি না? দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুমিন ফারহানার নাম বলেছিলেন। আমার বাপ–দাদা চৌদ্দ গোষ্ঠীও তাকে চিনে না। তার বাবাকে আমরা চিনতাম। গত (২০১৮ সালে) জাতীয় সংসদ নির্বাচনে আমরা পাঁচ থেকে ছয়জন জয়ী হই। জানি না কেন, দলের মহাসচিব তখন বললেন, দলের কোথাও তো নারী নেত্রী নেই। আপনি রুমিন ফারহানার নাম প্রস্তাব করে দেন। দলের ক্রান্তিলগ্নে দলের মহাসচিব বলেছেন, আমি যেন (সংরক্ষিত আসনের সংসদ সদস্য পদে) রুমিন ফারহানার নাম প্রস্তাব করি। মোশারফ হোসেন নামের একজন ছিলেন সমর্থনকারী। আমার প্রস্তাবে রুমিন ফারহানা এমপি (সংসদ সদস্য) হয়েছেন। এখন আমার বিরুদ্ধে কথা বলেন। তাকে তো আমি চিনতামই না।

প্রশ্ন

আপনাকে শারীরিকভাবে পুরোপুরি সুস্থ মনে হচ্ছে না।

আবদুস সাত্তার: আমি শারীরিকভাবে সুস্থ আছি। মানুষের কাছে কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই নির্বাচন করছি।