অবস্থা বেশি খারাপ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ও ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনের রাস্তার। রাস্তা মেরামতে কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ।

সামান্য বৃষ্টি হলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনের রাস্তা, বটতলা এলাকাসহ কয়েকটি রাস্তা ও চত্বরের বিভিন্ন জায়গায় জমে কাদা ও ময়লা পানি। কাদার কারণে ওইসব হেঁটে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমনকি রিকশা, মোটরবাইক কিংবা সাইকেলে চলাচল করতে গিয়েও হিমশিম খেতে হয়। অসহনীয় ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় শিক্ষার্থীদের আনাগোনা থাকে সবচেয়ে বেশি। তিনবেলা খাবার খাওয়ার জন্য শিক্ষার্থীদের বড় একটা অংশ নির্ভর করে বটতলার খাবারের দোকানগুলোর ওপর। বটতলার সামনের রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই পানি জমে। পানি কাদা মাড়িয়ে খাবারের দোকানগুলোতে উপস্থিত হতে হয় শিক্ষার্থীদের।
আমরা প্রকৌশল অফিসকে অনেকবার বলেছি, চিঠিও দিয়েছি। পাশাপাশি উপাচার্যকেও এটির বিষয়ে অবহিত করেছি। কিন্তু এখন পর্যন্ত এটি ঠিক করা হয়নি।নাসরিন সুলতানা, উপপরিচালক, ছাত্র-শিক্ষক কেন্দ্র, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পাশেই ছাত্রছাত্রীদের প্রাণকেন্দ্র টিএসসির অবস্থান। বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল অধিকাংশ সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন এ স্থান থেকেই তাঁদের কার্যক্রম পরিচালনা করে। এ ছাড়া এর পাশে অবস্থিত অডিটোরিয়াম, মুক্তমঞ্চ ও সপ্তম ছায়ামঞ্চে সারা বছর নানাবিধ অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রম চলে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভিড় জমান। ক্যাফেটেরিয়া থেকে টিএসসি হয়ে অডিটোরিয়াম যাওয়ার রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ায় চলাচলে সমস্যা হচ্ছে।
টিএসসির সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তাটির বেহাল দশার কথা উল্লেখ করে যথাযথ কর্তৃপক্ষকে গত ১৭ মে লিখিত আকারে অবগত করা হয়েছে। লিখিত চিঠিতে রাস্তাটি উঁচু ও প্রশস্ত করার কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া একাধিকবার মৌখিকভাবেও বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে থেকে টিএসসি ও অডিটোরিয়াম যাওয়ার রাস্তাটিতে কর্দমাক্ত হয়ে আছে। রাস্তাটি কিছুটা নিচু হওয়ায় এবং পানিনিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই সেখানে পানি জমে থাকছে। এ ছাড়া ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনের জায়গাটি মাটি দিয়ে ভরাট করায় রাস্তাটি নিচু হয়ে সহজেই পানি জমে থাকছে। বৃষ্টি হলে উঁচু জায়গা থেকে পানির সঙ্গে কর্দমাক্ত মাটি এসে জমছে এ রাস্তায়। এ কারণে ব্যবহারকারীদের বিকল্প পথে কিংবা কাদা মাড়িয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র ও অডিটোরিয়ামে যেতে হচ্ছে। এ ছাড়া কাদা জুতায় লেগে ছাত্র-শিক্ষক কেন্দ্রের মেঝেতে যত্রতত্র ছড়াচ্ছে ও শৌচাগারগুলো নোংরা হচ্ছে।
চিঠি দিলেই যদি সব কাজ যখন–তখন করা যেত, তাহলে সারা দেশ উন্নত হয়ে যেত। সবকিছু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়।আবদুস সালাম মোহাম্মদ শরীফ, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
রাস্তাগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক আহসান লাবিব বলেন, রাস্তাগুলো দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। এগুলো সংস্কারের কোনো উদ্যোগ দেখা যায় না। প্রশাসনের কর্তাব্যক্তিরা তো বড় বড় গাড়িতে যাতায়াত করেন। তাঁদের কোনো সমস্যা হয় না। যত সমস্যা শিক্ষার্থীদের পোহাতে হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের উপপরিচালক নাসরিন সুলতানা বলেন, ‘আমরা প্রকৌশল অফিসকে অনেকবার বলেছি, চিঠিও দিয়েছি। পাশাপাশি উপাচার্যকেও এটির বিষয়ে অবহিত করেছি। কিন্তু এখন পর্যন্ত এটি ঠিক করা হয়নি। এ রাস্তাটি শিক্ষার্থী ছাড়াও অনেক মানুষ ব্যবহার করে। এটি যত দ্রুত সম্ভব মেরামত করা প্রয়োজন।’
মেরামতের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবদুস সালাম মোহাম্মদ শরীফ বলেন, চিঠি দিলেই যদি সব কাজ যখন–তখন করা যেত, তাহলে সারা দেশ উন্নত হয়ে যেত। সবকিছু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। রাস্তাটি সংস্কারের জন্য উপাচার্য মহাদয়কে অবগত করা হয়েছে। তিনি অনুমোদন দিলেই রাস্তাটি সংস্কার করা যাবে।
এ বিষয়ে জানতে উপাচার্য মো. নূরুল আলমের কার্যালয়ে গিয়ে এবং মুঠোফোনে একাধিকরবার চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।