সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন (২৩) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার যুগিবাড়ী পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার বাসিন্দা ও সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন। দুর্ঘটনায় সামিউল হোসেন (২২) নামের এক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। তিনি পুরোনা সাতক্ষীরা এলাকার বাসিন্দা ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মোটরসাইকেলটি সাতক্ষীরা শহর থেকে কলারোয়া উপজেলার দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি যুগিবাড়ী পেট্রলপাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছাত্রলীগ নেতা জাকির হোসেন নিহত হন। স্থানীয় লোকজন আহত সামিউলকে উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুদ্দিন মৃধা বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। নিহত জাকিরের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে সাতক্ষীরা কলেজ মসজিদ চত্বরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের রসুলপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।