ট্রাকের ভাড়া বৃদ্ধি

কক্সবাজার থেকে ঢাকা পৌঁছাতে প্রতি কেজি মাছে খরচ বেড়েছে ২০ টাকা

ট্রাকযোগে কক্সবাজার থেকে ইলিশ ও সামুদ্রিক মাছ ঢাকায় পাঠানোর চলছে প্রস্তুতি চলছে। আজ সোমবার সকালে শহরের ফিসারিঘাটে
ট্রাকযোগে কক্সবাজার থেকে ইলিশ ও সামুদ্রিক মাছ ঢাকায় পাঠানোর চলছে প্রস্তুতি চলছে। আজ সোমবার  সকালে শহরের ফিসারিঘাটে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজার–ঢাকা রুটে চলাচলকারী পণ্যবাহী ট্রাকের ভাড়া চার হাজার থেকে ছয় হাজার টাকা বাড়ানো হয়েছে। কয়েক দিন আগেও মাছবোঝাই একটি ট্রাক কক্সবাজার থেকে ঢাকায় যেতে ভাড়া নিত সর্বোচ্চ ৩২ হাজার টাকা। তবে গত শনিবার থেকে ওই ট্রাকের ভাড়া ৩৬ থেকে ৩৮ হাজার গুনতে হচ্ছে। এতে কক্সবাজার শহর থেকে ইলিশ কিংবা সামুদ্রিক মাছ ঢাকার বাজারে পৌঁছাতে প্রতি কেজি ২০ টাকা খরচ বেড়েছে।

গত শনিবার সকাল থেকে শহরের সব ফিলিং স্টেশনে নতুন দামে ডিজেল, পেট্রল ও অকটেন বিক্রি হচ্ছে। এতে গণপরিবহনের পাশাপাশি পণ্যবাহী ট্রাকের ভাড়াও বেড়েছে। মাছ ব্যবসায়ীরা বলছেন, কক্সবাজার-চট্টগ্রাম রুটের বাসে যাত্রীপ্রতি ১০০ টাকা ও কক্সবাজার-ঢাকা রুটে ২০০ টাকা ভাড়া বেড়েছে। এ ক্ষেত্রে ট্রাকের ভাড়া আগের তুলনায় সর্বোচ্চ দুই হাজার টাকা বাড়ানো যেতে পারে। কিন্তু এক লাফে ছয় হাজার টাকা বাড়ানো অযৌক্তিক বলে দাবি করছেন মাছ ব্যবসায়ীরা।

আজ সোমবার সকালে শহরের বাঁকখালী নদীর নুনিয়াছটা ফিশারিঘাটে গিয়ে দেখা গেছে, ১০ থেকে ১২টি ট্রলার বাজারে মাছ বিক্রি করছে। ট্রলারগুলোতে গড়ে ৪০ থেকে ২০০টি পর্যন্ত ইলিশ ধরা পড়েছে। এসব ইলিশের আকার ছোট। ওজন ৪৫০ থেকে ৬০০ গ্রামের মধ্যে।

এফবি সানজিদা ট্রলারের জেলে আবদুল নবী (৪৫) বলেন, সাগরে ইলিশ নেই। প্রচণ্ড গরমের কারণে সামুদ্রিক অন্যান্য মাছও তেমন ধরা পড়ছে না। তিন লাখ টাকা খরচ করে ১৯ জন জেলে ট্রলার নিয়ে সাগরে নেমেছিল। সাত দিনে মাত্র তিন মণ মাছ ধরা পড়েছে। এই মাছ বিক্রি করে পাওয়া গেছে দেড় লাখ টাকা। এখন তেলের দাম বেড়ে গেছে। আশানুরূপ ইলিশ ধরা না পড়লে ট্রলার নিয়ে সাগরে নামার সম্ভাবনা কম বলে জানান তিনি।

আজ ফিশারিঘাটে ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ১০০টি ইলিশ পাইকারিতে বিক্রি হয়েছে ২৭ হাজার টাকায়, যা সাত দিন আগে বিক্রি হয়েছে ২৪ হাজার টাকায়। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ১০০ ইলিশ বিক্রি হচ্ছে ৩৭ হাজার টাকায়, যা আগে ছিল ৩৫ হাজার টাকা। স্থানীয় খুচরা বাজারেও এসব মাছের দাম দুই থেকে সাত হাজার টাকা পর্যন্ত বেড়েছে।

ট্রাকের ভাড়া বৃদ্ধি পাওয়ায় পাইকারি ও খুচরা বাজারে ইলিশের দাম বেড়েছে

ফিশারিঘাট মৎস্য ঐক্য ব্যবসায়ী সমবায় সমিতির উপদেষ্টা জয়নাল আবেদীন বলেন, কক্সবাজার থেকে ঢাকার ট্রাকভাড়া আগে ছিল ৩০ থেকে ৩২ হাজার টাকা। এখন ৩৭ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। এ জন্য প্রতি কেজি মাছ ঢাকার বাজারে পৌঁছাতে ১৫ থেকে ২০ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। এ কারণে বাজারে মাছের দামও বাড়িয়ে বিক্রি করা হচ্ছে।

স্থানীয় মাছ ব্যবসায়ী ওমর কাজী বলেন, জ্বালানি তেলের দাম যেভাবে বাড়ানো হয়েছে তাতে ট্রাকভাড়া বড়জোর দুই হাজার টাকা বাড়ানো যেতে পারে। কিন্তু পাঁচ–ছয় হাজার টাকা ভাড়া বাড়িয়ে দিয়েছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ব্যবসায়ীরা বলেন, শহরের ফিশারিঘাট, নাজিরারটেক শুঁটকিপল্লি, টেকনাফ, খুরুশকুল, চৌফলদণ্ডী, পেকুয়া, চকরিয়াসহ জেলা সদরের বিভিন্ন এলাকা থেকে সামুদ্রিক মাছ, লবণ, পান, সুপারি, শুঁটকিসহ বিভিন্ন ধরনের পণ্যবোঝাই করে দৈনিক চার শতাধিক ট্রাক ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে যায়। কিন্তু খেয়ালখুশি মতো ভাড়া আদায় হওয়ায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

দুপুরে ফিশারিঘাট থেকে মাছবোঝাই করে ঢাকার পথে রওয়ানা দেয় একটি ট্রাক। ওই ট্রাকের চালক আনোয়ার মিয়া (৪৫) বলেন, তিনি ৩৬ হাজার টাকা ভাড়া নিচ্ছেন। ভাড়া বৃদ্ধির ব্যাপারের জানতে চাইলে আনোয়ার মিয়া বলেন, এর চেয়ে কম ভাড়া নিলে পোষায় না। গতকাল রাতে তিনি এই ট্রাকেই চালবোঝাই করে বগুড়া থেকে কক্সবাজার এসেছেন। এ জন্য তিনি ৩৯ হাজার টাকা ভাড়া নিয়েছেন বলে দাবি করেন তিনি।

অতিরিক্ত ট্রাক ভাড়া আদায় প্রসঙ্গে কক্সবাজার জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি নাইমুল হক চৌধুরীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার তাঁর মুঠোফোন নম্বরে কল দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি।