
ফেনীতে মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদর উপজেলার লেমুয়া ভাঙ্গার তাকিয়া এলাকায় লাশটি পাওয়া যায়। আজ রোববার সকাল পর্যন্ত তাঁর নাম–পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে গাড়ির ধাক্কায় এক ব্যক্তি আহত হয়ে সড়কের পাশে পড়ে আছে বলে তারা খবর পায়। হাইওয়ে পুলিশ গিয়ে সড়কের পাশে এক ব্যক্তির লাশ পায়। পুলিশ লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির নাম–পরিচয় জানা যায়নি। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।