চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাধক হজরত শাহ সোলায়মান (র.) ওরফে লেংটা বাবার মাজারের খাদেম (সেবক) মতিউর রহমান ওরফে লাল মিয়াকে (৬০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বেলতলী এলাকায় ওই মাজারকে ঘিরে চলমান মেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
মতিউর রহমান ওই মেলার অন্যতম আয়োজকও। তাঁর বাড়ি উপজেলার বেলতলী এলাকায়। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে গতকাল সকালে বেলতলী এলাকায় প্রশাসনের অনুমতি ছাড়াই সাত দিনব্যাপী ওই মেলা শুরু হয়। একাধিক প্রত্যক্ষদর্শীর দাবি, মেলায় মাদক সেবন ও জুয়া খেলায় বাধা দেওয়ায় মতিউর রহমানের ওপর এ হামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ওই মেলা এলাকায় গাঁজাসহ অন্য মাদকের আসর বসে। এ ছাড়া কয়েকটি স্থানে বসে জুয়ার আসরও। এসব কাজে বাধা দেন মতিউর রহমান। এতে ক্ষিপ্ত হয়ে মাদক সেবনকারী ও জুয়াড়িরা ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে ধারালো দা–এর কোপে মতিউরের মাথাসহ শরীরের আরও কয়েকটি অংশে রক্তাক্ত জখম হয়। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন সেখানে এলে হামলাকারী ব্যক্তিরা পালিয়ে যান। পরে তাঁকে আহত অবস্থায় স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মেলা এলাকায় মাদক কেনাবেচা-সেবন ও জুয়া বন্ধে চেষ্টা চালাচ্ছেন জানিয়ে মতিউর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় তাঁর এমন প্রচেষ্টায় বাধা দিয়ে হামলা চালান কয়েকজন মাদকাসক্ত ও জুয়াড়ি ব্যক্তি। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তিনি।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। ঘটনাটি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। মেলায় অসামাজিক কর্মকাণ্ড বন্ধেও ব্যবস্থা নেওয়া হবে।