নেত্রকোনা শহরে একটি দোকানে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে। এতে দোকানটির মালিক দগ্ধ হন
নেত্রকোনা শহরে একটি দোকানে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে। এতে দোকানটির মালিক দগ্ধ হন

নেত্রকোনায় দোকানে এসি বিস্ফোরণ, ব্যবসায়ীর শরীর ৮০ শতাংশ দগ্ধ

নেত্রকোনা শহরে একটি দোকানে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে। এতে দোকানটির মালিক রাজু সাহা (৪৫) দগ্ধ হন। চিকিৎসক জানিয়েছেন, তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আখড়ার মোড় এলাকায় ব্র্যাক ব্যাংকসংলগ্ন হেনা ডিজিটাল কালার ল্যাব অ্যান্ড স্টুডিও নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যবসায়ী রাজু সাহা শহরের নিউটাউন এলাকার মানিক সাহার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজু সাহা তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান খোলেন। এরপর তিনি প্রয়োজনীয় কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করে বিকট শব্দ হয়। পাশের দোকানিরা এগিয়ে দেখেন, এসিতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর তাতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে ওই দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ধোঁয়ায় ছেয়ে যায়। স্থানীয় ব্যক্তিরা দোকানে ঢুকে দগ্ধ রাজু সাহাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা এসে স্থানীয় মানুষের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বৃষ্টি আক্তার বলেন, দগ্ধ ব্যবসায়ীর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সরকার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, দগ্ধ ব্যবসায়ীর অবস্থা সংকটাপন্ন।