
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জমির সীমানা নিয়ে বিরোধে দুই পক্ষের মারামারিতে নুরুল ইসলাম পাঠান (৫৮) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নুরুল ইসলাম পাঠান পেশায় কৃষক ছিলেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দা গ্রামের নুরুল ইসলাম পাঠানের সঙ্গে প্রতিবেশী চাচা আজমান আলী পাঠানের জমির সীমানা নিয়ে বিরোধ ছিল। দুপুরে নুরুল ইসলাম নিজের জমিতে বেড়া দিতে গেলে আজমান আলী পাঠান, তাঁর (আজমান) ছেলে মঞ্জুরুল পাঠান বাধা দেন। এ সময় তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে লাঠিসোঁঠা নিয়ে মারামারি শুরু হয়। মারামারিতে নুরুল ইসলামের মাথায় আঘাত লাগে। পরে তাঁকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন আজ সন্ধ্যা ছয়টায় প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আজ সন্ধ্যা পর্যন্ত নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।