বঙ্গবন্ধু সাফারি পার্ক

আমির বাহাদুরের সঙ্গে মারামারিতে শেল বাহাদুরের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক
ছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে শেল বাহাদুর নামের একটি হাতির মৃত্যু হয়েছে। গত ২১ ডিসেম্বর মৃত্যুর ঘটনা ঘটে। কয়েক দিন ধরে বিষয়টি জানাজানি হলেও পার্ক কর্তৃপক্ষ এ নিয়ে গণমাধ্যমে কোনো তথ্য প্রকাশ করেনি। অবশেষে আজ রোববার হাতি মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পার্ক কর্তৃপক্ষ।

হাতি মৃত্যুর ঘটনায় গত ২২ ডিসেম্বর শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পার্কের হাতিশালায় মোট নয়টি হাতি ছিল। এর মধ্যে সাতটি পুরুষ ও দুটি নারী। একটি পুরুষ হাতির মৃত্যুর পর পার্কে হাতির সংখ্যা এখন আটটি।

জিডিতে বলা হয়, হাতিশালায় আমির বাহাদুর নামের একটি হাতির আঘাতে শেল বাহাদুর নামের অপর হাতিটি মারা যায়। ২১ ডিসেম্বর বেলা ১১টার দিকে শেল বাহাদুরকে মাথায় আঘাত করে আমির বাহাদুর। এতে শেল বাহাদুরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তাৎক্ষণিক মৃত্যু ঘটে।

জিডিতে উল্লেখ করা হয়েছে, হাতির মৃত্যুর পর হাসপাতালে দায়িত্বে নিয়োজিত ভেটেরিনারি সার্জন ময়নাতদন্ত করেন। হাতিটি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মারা গেছে বলে ময়নাতদন্তে উল্লেখ করা হয়েছে।

হাতি মৃত্যুর বিষয়টি জানতে গত শনিবার ও রোববার পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলামকে কয়েক দফা ফোন দিলেও তিনি রিসিভ করেননি। পার্কের একটি সূত্র জানায়, পার্কের হাতিশালায় মোট নয়টি হাতি ছিল। এর মধ্যে সাতটি পুরুষ ও দুটি নারী। একটি পুরুষ হাতির মৃত্যুর পর পার্কে হাতির সংখ্যা এখন আটটি।

পার্কের প্রকল্প পরিচালক ইমরান হাসান বলেন, গত ২১ ডিসেম্বর হাতিটির মৃত্যু হয়। মারা যাওয়া হাতিটি পুরুষ। এর বয়স হয়েছিল ৪৮ বছর। হাতিদের থাকার জায়গায় দুটি হাতির মধ্যে মারামারি হয়। এ সময় একটি হাতি বড় পিলারের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়। মাথায় আঘাত লাগার একপর্যায়ে হাতিটি মারা যায়। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা হবে।