লক্ষ্মীপুরের সরকারি হাসপাতালে ডেঙ্গু শনাক্তকরণ কিটের সংকট

ডেঙ্গু পরীক্ষার জন্য রোগীরা প্যাথলজি বিভাগের সামনে অপেক্ষা করছেন। লক্ষ্মীপুরের রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বেলা ১১টার দিকে তোলা
ছবি-প্রথম আলো।

তিন বছর বয়সের নাজিফা ১০ দিন ধরে জ্বরে আক্রান্ত। আজ রোববার তার মা মারজান আক্তার ডেঙ্গু জ্বর শনাক্তকরণ পরীক্ষার জন্য রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। অনেক ঘোরাঘুরির পরও ডেঙ্গু পরীক্ষা করাতে পারেননি। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা সাইচা গ্রামে। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাঁকে বলেছে, তাদের কাছে ডেঙ্গু পরীক্ষার কিট নেই।

রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের টেকনিশিয়ান জাফর আহমেদ জানান, দুই দিন ধরে ডেঙ্গু পরীক্ষা বন্ধ রয়েছে। কিট পেলে আবার পরীক্ষা শুরু করা হবে।
লক্ষ্মীপুরে প্রতিদিনই এখানে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে ডেঙ্গু শনাক্তকরণ কিট–সংকট দেখা দিয়েছে জেলার রায়পুর, রামগতি, কমলনগর ও রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও।

তবে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বলছেন, তাঁদের কাছে কিট আছে, তবে যথেষ্ট নয়। তাঁরা কেবল রোগী ভর্তির পর পরীক্ষা করছেন।

রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র জুম্মান ইসলাম। সপ্তাহখানেক আগে তাঁর জ্বর। আজ রোববার সে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্ত করার জন্য যায়। কিন্তু ঘণ্টাখানেক অপেক্ষা করেও পরীক্ষা করাতে পারেনি। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি ওষুধের দোকানে দাঁড়িয়ে জুম্মান বলে, তার শরীর ভালো নয়। কোনভাবেই জ্বর কমছে না। কিট–সংকটের কারণে ডেঙ্গু পরীক্ষা করাতে পারছে না সে।  

হাসপাতাল সূত্রগুলো জানিয়েছেন, ডেঙ্গুর প্রকোপ শুরুর পর জ্বর হলেই মানুষ আতঙ্ক নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছে। হাজার হাজার মানুষ রক্ত পরীক্ষার জন্য হাসপাতালগুলোতে ভিড় করছে। চিকিৎসকেরাও ঝুঁকি না নিয়ে ডেঙ্গু পরীক্ষা করাতে দিচ্ছেন। এতে টান পড়েছে ডেঙ্গু শনাক্তকরণ কিটের।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে গিয়ে গতকাল দেখা যায়, ডেঙ্গু আক্রান্ত অর্ধশতাধিক রোগী হাসপাতালের বিছানা ও বারান্দায় চিকিৎসা নিচ্ছে। ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে শয্যা না পেয়ে অনেকে সাধারণ ওয়ার্ডে ও বারান্দায় বিছানা করে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৯ জন রোগী।

এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট ১ হাজার ৫৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
চর পলকান গ্রামের কৃষক আমির হোসেন নিজের মেয়ের ডেঙ্গু জ্বর পরীক্ষা করাতে গত শনিবার কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি প্রথম আলোকে মুঠোফোনে নিজের অসহায়ত্বের কথা জানান। পরে আজ একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষা করিয়েছেন তাঁর মেয়ের।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানিয়েছেন, বাছাই করে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গড়ে ৩০০ থেকে ৪০০ রোগী ডেঙ্গু পরীক্ষার জন্য আসছেন।

লক্ষ্মীপুর সিভিল সার্জন আহমেদ কবির প্রথম আলোকে বলেন, ‘কিট–সংকট রয়েছে। তবে আমরা কিছু জোগাড় করে কাজ চালিয়ে নিচ্ছি। সর্বশেষ চার হাজার কিটের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদা পাঠিয়েছি। কিন্তু পেয়েছি মাত্র ৮৮০টি। যা চাহিদার তুলনা খুবই কম।’