গণশুনানি

গৃহকর কমাতে ঘুষ দাবি

গণশুনানিতে হয়রানির কথা তুলে ধরছেন এক ব্যক্তি
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ আবাসিক এলাকায় চারতলা ভবন রয়েছে মো. মোজাম্মেল হোসেনের। চট্টগ্রাম সিটি করপোরেশন ৪ তলার ৪টি ইউনিটের জন্য গৃহকর নির্ধারণ করেছে ৩ লাখ ১৪ হাজার টাকা। অথচ আগে ছিল ১ লাখ ৪৪ হাজার টাকা। তবে ‘চুক্তি’ করলে এই গৃহকর এক লাখ টাকা করার আশ্বাস দেন সিটি করপোরেশনের রাজস্ব বিভাগের সুজন নামের এক কর্মী। তবে এ জন্য ঘুষ দাবি করেন তিনি। তাতে রাজি না হওয়ায় তাঁর গৃহকর কমানোর বিষয়টি ঝুলে আছে।

গৃহকর নিয়ে এই হয়রানির কথা এক গণশুনানিতে তুলে ধরেছেন মো. মোজাম্মেল হোসেন। করদাতাদের অভিযোগ শুনতে আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের কদমতলীতে গণশুনানির আয়োজন করে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ।

গণশুনানিতে মঞ্চে থাকা বক্তারা বলেন, সিটি করপোরেশন নাগরিক সেবা প্রদানে চরমভাবে ব্যর্থ হলেও গৃহকর আদায়ে তৎপর রয়েছে। করোনা আর রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে সাধারণ মানুষ টিকে থাকতে সংগ্রাম করছেন। আয় না বাড়লেও ব্যয় বেড়ে চলছে। খাবার কিনতে নাভিশ্বাস উঠছে মানুষের। এই রকম মুহূর্তে সিটি করপোরেশন গৃহকর বৃদ্ধির চেষ্টা করছে।

গণশুনানিতে ১৫ জন করদাতা গৃহকর নিয়ে তাঁদের বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। তাঁরা বলেন, আগের তুলনায় তাঁদের গৃহকর ৫ থেকে ২০ গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। গৃহকর কমিয়ে দেওয়ার নামে রাজস্ব বিভাগের লোকজন তাঁদের কাছে মোটা অঙ্কের ঘুষ দাবি করেছেন।

নগরের রামপুর ওয়ার্ডের সবুজবাগ এলাকার বাসিন্দা মো. খুরশীদ আলম বলেন, এক কাঠা জায়গার ওপর তাঁদের পৈতৃক দোতলা বাড়ি। ওপরের তলায় আবার টিনের ছাদ। বর্ষার সময় নিচতলা পানিতে তলিয়ে যায়। তাই তিন ভাইয়ের কেউ নিচতলায় থাকতে চান না। এই রকম বাড়ির জন্য ১ লাখ ৬০ হাজার টাকা গৃহকর নির্ধারণ করা হয়েছে, যা দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়।

বর্তমান মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর আশপাশে ঘুষখোর, দুর্নীতিবাজরা বসে আছেন। মেয়র তাঁদের সুরক্ষা দিচ্ছেন। মেয়র নগরবাসীর বিরুদ্ধে ঘুষখোর-দুর্নীতিবাজদের লেলিয়ে দিয়েছেন।
আকতার কবির চৌধুরী ,সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক

নগরের মোগলটুলী এলাকার বাসিন্দা মো. আবু তাহের বলেন, তাঁদের ৮৫৫ বর্গফুটের ফ্ল্যাটের জন্য গৃহকর নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার টাকা। তবে চা-পানি খেতে ১৭ হাজার টাকা দিলে গৃহকর ৩০-৩৫ হাজার টাকা করে দেওয়ার আশ্বাস দেন সিটি করপোরেশনের মহসিন নামের এক কর আদায়কারী। তবে এই টাকা দিতে রাজি হননি তিনি।

গত বছরের সেপ্টেম্বরে চট্টগ্রামের আগ্রাবাদে নালায় পড়ে মারা যাওয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শেহেরীন মাহমুদ সাদিয়ার নানা হাজী জামাল ক্ষোভ প্রকাশ করে শুনানিতে বলেন, তাঁর নাতনির মৃত্যুর দায় সিটি করপোরেশন ও সিডিএ কেউ নিচ্ছে না। অথচ নালার পাশে নিরাপত্তাবেষ্টনী দিলে তাঁর নাতনির মৃত্যু হতো না।

গৃহকর নিয়ে মানুষের কাছ থেকে ঘুষ আদায়ের প্রসঙ্গে সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, এই ধরনের অভিযোগ পাওয়া গেলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম নগরের কদমতলীতে গণশুনানির আয়োজন করে চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদ

গণশুনানিতে অতিথির বক্তব্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক আকতার কবির চৌধুরী বলেন, বর্তমান মেয়র মো. রেজাউল করিম চৌধুরী চট্টগ্রামের জন্য বিপজ্জনক ব্যক্তিতে পরিণত হয়েছেন। তাঁর আশপাশে ঘুষখোর, দুর্নীতিবাজরা বসে আছেন। মেয়র তাঁদের সুরক্ষা দিচ্ছেন। মেয়র নগরবাসীর বিরুদ্ধে ঘুষখোর-দুর্নীতিবাজদের লেলিয়ে দিয়েছেন।

করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছারের বিরুদ্ধে মেয়রের একান্ত সহকারীর করা মামলার সমালোচনা করেন আকতার কবির। তিনি মেয়রের উদ্দেশে বলেন, ‘সহ্য ক্ষমতা না থাকলে চেয়ার ছেড়ে দিন।’ ভাড়ার ওপর ধার্য করা গৃহকর বাতিল করে আয়তনের ভিত্তিতে গৃহকর নির্ধারণ করার দাবি জানান তিনি।

মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রামের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, শুনানিতে কয়েকজন অভিযোগ করেছেন ঘুষ দেওয়ার পর গৃহকর কমে। বাস্তবে তা–ই ঘটছে। গৃহকরের নামে সিটি করপোরেশনের লোকজন ভবনমালিকদের হয়রানি করছেন। নগরবাসীকে এভাবে হয়রানি না করে আয়তনের ভিত্তিতে গৃহকর নেওয়া হোক।

চিকিৎসক সুশান্ত বড়ুয়া বলেন, গৃহকর বাড়লে শুধু ভবনমালিকেরা চাপ পড়বেন না, ভাড়াটেরাও চাপে পড়বেন। তাই সবাইকে সোচ্চার হতে হবে এর বিরুদ্ধে।

করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে গণশুনানিতে আরও বক্তব্য দেন পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সহসভাপতি সুভাষ বড়ুয়া, আইনজীবী ভুলন ভৌমিক প্রমুখ। গণশুনানি সঞ্চালনা করেন করদাতা সুরক্ষা পরিষদের সাধারণ সম্পাদক মুহম্মদ আমির উদ্দিন ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস।

গৃহকর নিয়ে বর্তমান কার্যক্রম বাতিলের দাবিতে ওয়ার্ডে ওয়ার্ডে গণমতবিনিময় সভা, স্থানীয় সরকারমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।