রাজশাহীতে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। শুক্রবার বিকেলে রাজশাহী শিল্পকলা একাডেমিতে
রাজশাহীতে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। শুক্রবার বিকেলে রাজশাহী শিল্পকলা একাডেমিতে

সাংবাদিকতার কাজ সমাজের ত্রুটিগুলো তুলে ধরা: রাজশাহীতে মাহফুজ আনাম

ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেছেন, সাংবাদিকতার কাজ শুধু প্রশংসা করা নয়; সমাজের ত্রুটিগুলোও তুলে ধরা। তাঁর ভাষায়, সাংবাদিকতা হচ্ছে ‘সোশ্যাল ডক্টর’। একজন চিকিৎসক যেমন শরীরের অসুখ চিহ্নিত করেন, সাংবাদিকও তেমনি সমাজের সমস্যা তুলে ধরেন।

আজ শুক্রবার বিকেলে রাজশাহী শিল্পকলা একাডেমিতে ডেইলি স্টারের ৩৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডেইলি স্টার নতুন নীতির অংশ হিসেবে দেশের বিভিন্ন শহর ও উপশহরে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি সংলাপ করবে উল্লেখ করে মাহফুজ আনাম বলেন, ‘আমরা ব্যবসায়ী, নারী অধিকারকর্মী, রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের সঙ্গে আলাদা করে বসতে চাই। তাদের আশা-আকাঙ্ক্ষা বুঝতে চাই। তাহলেই আমাদের সাংবাদিকতা আরও উন্নত হবে।’

ইংরেজি পত্রিকা হওয়ায় আগে ডেইলি স্টারের পাঠকগোষ্ঠী সীমিত ছিল উল্লেখ করে অনুষ্ঠানে মাহফুজ আনাম বলেন, এখন অনলাইন ও বাংলা সংস্করণের মাধ্যমে সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। একই সঙ্গে মাল্টিমিডিয়া সাংবাদিকতার ওপরও গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। শুধু টেক্সচুয়াল কাগজে না, মাল্টিমিডিয়াতেও তাঁরা বিভিন্ন বিষয় তুলে ধরবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে ডেইলি স্টার সম্পাদক বলেন, ‘এটি যেমন মতপ্রকাশের স্বাধীনতা বাড়িয়েছে, তেমনি ভুয়া ও বিদ্বেষমূলক তথ্য ছড়ানোর ঝুঁকিও তৈরি করেছে। আপনি এখন নিজের ফেসবুক অ্যাকাউন্টেই মত প্রকাশ করতে পারছেন। এটা মানব ইতিহাসে বড় পরিবর্তন। কিন্তু সেই বক্তব্য তথ্যভিত্তিক কি না, সেটাও গুরুত্বপূর্ণ।’

মাহফুজ আনাম আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সময় যাচাই ছাড়া বলা কথাও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। তাই মানুষকে আরও সচেতন হতে হবে।

এর আগে বিকেল চারটার দিকে জাতীয় সংগীতের মাধ্যমে ডেইলি স্টারের রাজশাহী অঞ্চলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়। স্বাগত বক্তব্য দেন ডেইলি স্টারের রাজশাহী সংবাদদাতা সোহানুর রহমান।

পরে অনুষ্ঠানে গত ডিসেম্বরে দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। তারপর মঞ্চে ওঠেন সম্পাদক মাহফুজ আনাম। তিনি একে একে অতিথিদের মঞ্চে ডেকে নেন। তাঁরা ডেইলি স্টারের নানা দিক নিয়ে মতামত দেন। পাশাপাশি সম্পাদকও কথা বলেন।

৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তারা স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেছেন। তাঁরা বলেন, গণমাধ্যমকে সত্য প্রকাশে নির্ভীক থাকতে হবে, একই সঙ্গে ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচার থেকেও সতর্ক থাকতে হবে। অনুষ্ঠানে বক্তারা ডেইলি স্টার ও প্রথম আলোর ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানান এবং স্বাধীন সাংবাদিকতার পক্ষে সংহতি প্রকাশ করেন।

এতে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাওয়াদুল হক, রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাসেম, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন, জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজশাহী মহানগরের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম আজহারুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম আলী, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি জিয়া উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য দেন।