
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুনের বাড়ির সামনে থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে লাল টেপে মোড়ানো অবস্থায় বস্তু দুটি পাওয়া যায়। পরে পুলিশ সেগুলো উদ্ধার করে হেফাজতে নেয়।
আফরোজা খাতুন ষোলটাকা ইউপির সংরক্ষিত ওয়ার্ডের সদস্য। তাঁর স্বামী আবুল হোসেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ষোলটাকা ইউনিয়নের আমতৈল গ্রামে আফরোজা খাতুনের বাড়ির সামনে লাল টেপ দিয়ে প্যাঁচানো দুটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন পথচারীরা। এ নিয়ে মুহূর্তেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইউপি সদস্যের স্বজনেরাও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। খবর পেয়ে হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যায়।
ইউপি সূত্রে জানা যায়, সম্প্রতি ষোলটাকায় চাল বিতরণ নিয়ে ইউপি সদস্যদের মধ্যে বিবাদ চলছে। ইউনিয়ন পরিষদকেন্দ্রিক রাজনৈতিক প্রভাব বিস্তার ও পরিবারটিকে আতঙ্কে রাখতেই কোনো চক্র এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিস মোর্শেদ চৌধুরী বলেন, উদ্ধার হওয়া বস্তু দুটি আসলে কী, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এ ঘটনার পেছনে কার বা কাদের হাত আছে, তা চিহ্নিত করতে ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমেছে।