পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় রাজবাড়ী জেলার অধিকাংশ স্থানে খাল–বিলে পানি বেশি জমেনি। এ কারণে পাট জাগ দিতে পারছেন না কৃষক।
রাজবাড়ীতে পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। স্বাভাবিক বৃষ্টি না হওয়ায় খাল-বিলে তেমন পানি জমেনি। এতে পাট জাগ দেওয়ার মৌসুম শুরু হলেও কৃষকেরা পাট জাগ দিতে না পেরে চিন্তিত।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ীতে চলতি মৌসুমে ৪৯ হাজার ৫০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। সবচেয়ে বেশি পাট আবাদ করা হয়েছে বালিয়াকান্দি উপজেলায়। এই উপজেলার ১২ হাজার ৩৬০ হেক্টর জমিতে পাট আবাদ করা হয়েছে।
রাজবাড়ী সদর, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, এবার আবহাওয়া পাট চাষের জন্য অনুকূল ছিল না। প্রয়োজনের সময় বৃষ্টি ছিল না। আবার অপ্রয়োজনের সময় প্রচুর বৃষ্টি হয়েছে। পাটের বীজ বপনের সময় বৃষ্টি প্রয়োজন। তবে ওই সময় বৃষ্টি হয়নি। সেচের মাধ্যমে পাটবীজ বপন করেন কৃষকেরা। পাট বড় হওয়ার পর বৃষ্টি প্রয়োজন হলেও তা হয়নি। সম্প্রতি রোদের তীব্রতা বেড়ে গেছে। এতে অনেক পাটগাছ পুড়ে গেছে। কোনো কোনো গাছ শুকিয়ে গেছে। স্বাভাবিক বৃষ্টি না হওয়ায় খাল-বিলে পানি জমেনি। এ কারণে পাট জাগ দেওয়ার জায়গাও কম। এ কারণেও কেউ কেউ পাট খেতে রেখে দিচ্ছেন। সব মিলিয়ে চাষিরা লোকসানের আশঙ্কায় দিন গুনছেন। অনেকেই অল্প পানিতে পাট জাগ দিচ্ছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, এবার স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হয়েছে। রাজবাড়ীতে পাট জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত জলাশয় নেই। এ ছাড়া যেসব জলাশয় আছে, সেগুলোতে পানি অনেক কম।