
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় যুব মহিলা লীগের কর্মসূচি চলাকালে লাঠিসোঁটা, রামদা, হকিস্টিক, লোহার রড নিয়ে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। এ সময় নেত্রীরা অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন। হামলায় নেতৃত্ব দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এখলাছ উদ্দিন।
বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় একটি আবাসিক হোটেলে উপজেলা যুব মহিলা লীগের ব্যানারে এ আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়েন উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ললিতা আক্তার।
বক্তব্যে বলা হয়, যুব মহিলা লীগের কর্মসূচি চলাকালে গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ-২ আসনের (কটিয়াদী ও পাকুন্দিয়া) সংসদ সদস্য নূর মোহাম্মদের সন্ত্রাসী বাহিনীর সদস্য এখলাছ উদ্দিন, হারুন মিয়া, পাপ্পু, শফিকুল ইসলাম, আরমিন, ফরিদ, মমিন, হাবু, মুন্নাসহ অজ্ঞাতপরিচয় ১৫-২০ জন রামদা, হকিস্টিক, লোহার রড নিয়ে হামলা করেন। এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এখলাছ উদ্দিন।
হামলায় পাকুন্দিয়া যুব মহিলা লীগের সহসভাপতি আজহারুন্নাহারের ডান হাত ভেঙে যায় এবং তাঁর ডান পায়ে আঘাত লাগে। এ ছাড়া এগারোসিন্দুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি মাহমুদা আক্তার ও সাধারণ সম্পাদক সালমা আক্তার এবং পাটুয়াভাঙ্গা ১ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি রোজিনা আক্তার গুরুতর আহত হন। তাঁরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চান এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে জেলা যুব মহিলা লীগের সহসভাপতি স্বর্ণা বর্মন, সাংগঠনিক সম্পাদক তানিয়া আক্তার, সামিয়া আফরোজ, দপ্তর সম্পাদক মুনিয়া নিশাদসহ যুব মহিলা লীগের জেলা-উপজেলার নেত্রীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার কর্মসূচি উপলক্ষে নেতা–কর্মীরা জড়ো হন। কর্মসূচিতে উপস্থিত সবাই পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিনের অনুসারী। মঙ্গলবার বেলা ১১টার দিকে সোহরাব উদ্দিনের ছবি–সংবলিত ব্যানার নিয়ে মিছিল বের করার সময় ১৫ থেকে ২০ জন লাঠিসোঁটা, রামদা, লোহার রড ও হকিস্টিক নিয়ে যুব মহিলা লীগের নেত্রীদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় ভয়ে নেত্রীরা দৌড়ে সরে যান। হামলায় আহত ব্যক্তিরা কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অভিযোগের বিষয়ে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এখলাছ উদ্দিন বলেন, হামলার কোনো ঘটনা ঘটেনি। তাঁর নেতৃত্বে হামলার ব্যাপারে যে দোষারোপ করা হচ্ছে, তা ভিত্তিহীন। অথচ মঙ্গলবার তিনি সারা দিন ঘর থেকেই বের হননি। তিনি যত দূর জানতে পেরেছেন, যুব মহিলা লীগের নেত্রীরা নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করে নিজেরাই ছত্রভঙ্গ হয়ে যান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান এ বিষয়ে বলেন, ঘটনাটি শুনেছেন। তবে এখন পর্যন্ত এ নিয়ে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।