
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আছমত আলী নামের এক কলেজশিক্ষকের বাড়ি দখলে নিয়েছেন তাঁর সাবেক স্ত্রী মোছা. নুরবানু। এমনকি সাবেক স্ত্রীর স্বজনদের হুমকি-ধমকিতে ওই শিক্ষক ঠিকমতো কলেজে যেতে পারছেন না। এসব বিষয়ে সাবেক স্ত্রীকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহায়তা করছেন।
আজ বুধবার দুপুরে শিক্ষক আছমত আলী পঞ্চগড় জেলা শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন। তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া সরকারি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক। তিনি তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে পঞ্চগড় শহরে একটি ভাড়াবাড়িতে থাকেন।
জানতে চাইলে নুরবানু মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর সাবেক স্বামী আছমত আলী বিয়ের পর থেকে যৌতুকের জন্য তাঁকে নির্যাতন করতেন। তিনি চাকরি করে যত টাকা আয় করতেন, তার সবই আছমত নিয়ে নিতেন। তাঁর টাকা দিয়েই আছমত নিজের নামে পাঁচ শতক জমি কিনে বাড়ি করেছেন। পরে তাঁকে বাড়ি থেকে বের করে দিতে ব্যর্থ হয়ে আছমত আরেকটি বিয়ে করে পঞ্চগড় শহরে ভাড়া থাকেন। আছমত তাঁকে একতরফাভাবে তালাক দিয়েছেন বলে শুনেছেন। সন্তানদের কথা বিবেচনা করে স্থানীয় জনপ্রতিনিধিরা তাঁকে ওই বাড়িতে তুলে দিয়েছেন বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আছমত আলী বলেন, ২০০৫ সালে রংপুরের পীরগাছা এলাকার নূরুল ইসলামের মেয়ে নুরবানুর সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের দুই বছর পর একটি বেসরকারি সংস্থায় চাকরি হয় তাঁর স্ত্রীর। এর পর থেকে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ হয়। তাঁদের ১৫ বছর বয়সী এক মেয়ে ও ৭ বছর বয়সী এক ছেলে আছে। কলহের জেরে ২০০৯ সালে নুরবানু তাঁর স্বামীর বিরুদ্ধে একটি যৌতুকের মামলা করেন। ওই মামলায় আছমতকে ৩৩ দিন কারাগারে থাকতে হয়। পরে স্বজনদের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়। ওই সময় তেঁতুলিয়া বাজারের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে পাঁচ শতক জমি কিনে বাড়ি করে বাস করতেন আছমত আলী।
আছমত আলী বলেন, ২০২১ সালে তাঁদের মধ্যে আবার কলহ শুরু হলে নুরবানু আবার তাঁর বিরুদ্ধে মামলা করেন। একপর্যায়ে ২০২১ সালের অক্টোবর মাসে নুরবানুর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করলেও তেঁতুলিয়া বাজারের ওই বাড়ি দখল করে রাখেন নুরবানু। ওই বাড়িতে উঠতে গেলে সাবেক স্ত্রীর স্বজনেরা তাঁকে লাঞ্ছিত করেন। একপর্যায়ে সালিসের মাধ্যমে বাড়িটি তালাবদ্ধ করে রাখা হয়। বাধ্য হয়ে তিনি এখন ভাড়াবাড়িতে থাকেন। সর্বশেষ ৬ ডিসেম্বর নুরবানুকে আবার ওই বাড়িতে তুলে দেন স্থানীয় তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী।
জমিসহ বাড়িটি নুরবানুর নামে লিখে দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করেন আছমত আলী। তিনি বলেন, ইউপি চেয়ারম্যানসহ সাবেক স্ত্রীর স্বজনদের হুমকি–ধমকিতে তিনি কলেজে যেতে পারছেন না। এসব বিষয়ে তিনি বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। এমন নির্যাতন থেকে মুক্তি চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তেঁতুলিয়া ইউপির চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী মুঠোফোনে বলেন, আছমত আলীকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে অন্তত ১০ বার সালিসে বসা হয়েছিল। সর্বশেষে বাড়িসহ জমিটি দুই সন্তানকে দান করে দেওয়ার সিদ্ধান্ত হলেও আছমত তা মানেননি। এমনকি আছমত তাঁর সন্তানদের শীতের কাপড়গুলোও বের করে দেননি। পরে সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে ইউপি সদস্যদের নিয়ে আছমতের স্ত্রী-সন্তানদের বাড়িতে তুলে দেওয়া হয়েছে।