দুই পক্ষের সংঘর্ষের সময় ভাঙচুর হওয়া একটি বাড়ি। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দোহারো গ্রামে
দুই পক্ষের সংঘর্ষের সময় ভাঙচুর হওয়া একটি বাড়ি। সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দোহারো গ্রামে

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫, বাড়ি ও দোকান ভাঙচুর

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ২৮টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো দুই পক্ষের লোকজন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দোহারো গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সঙ্গে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বাবু জোয়ার্দারের সমর্থকদের বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার বিকেলে উভয় পক্ষের লোকজন বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পাশাপাশি আটটি বাড়িতে ব্যাপক ভাঙচুরসহ অন্তত ২৮টি বাড়িঘর ও দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদ আল মামুন বলেন, দোহারো গ্রামে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে হাসপাতালে বর্তমানে ১৩ জন ভর্তি আছে। তবে কারোরই বড় কোনো আঘাত নেই।

সংঘর্ষের বিষয়ে বক্তব্য জানতে বিএনপি নেতা উজির আলী ও যুবদল নেতা বাবু জোয়ার্দারের মুঠোফোনে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়।

উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হাকিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকালে এক চায়ের দোকানে দুই যুবক মারামারি করে। এই মারামারির জেরে বেলা তিনটার দিকে উপজেলা বিএনপির সদস্য উজির আলী ও ইউনিয়ন যুবদল নেতা বাবু জোয়ার্দারের সমর্থকেরা নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হন।

কয়েকটি বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে জানতে চাইলে নির্দিষ্ট সংখ্যা বলতে পারেননি নজরুল ইসলাম। তিনি আরও বলেন, উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন এবং উভয় পক্ষের লোকজনের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে। সঠিক তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি পুলিশকে বলেছেন।

ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শেখ বিল্লাল হোসেন বলেন, সামাজিক আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এই সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই গ্রামে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।