মানিকগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ

মানিকগঞ্জ জেলার মানচিত্র
মানিকগঞ্জ জেলার মানচিত্র

মানিকগঞ্জের সিঙ্গাইরে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা নাশকতার এক মামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতাকে আসামি করা হয়েছে। এ মামলায় গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে গ্রেপ্তারও করে পুলিশ। পরে আওয়ামী লীগের এক নেতার সুপারিশে পুলিশ স্বেচ্ছাসেবক লীগের ওই নেতাকে গতকাল সন্ধ্যায় ছেড়ে দিয়েছে।

ওই আসামির নাম কামরুল হাসান (৩২)। তিনি মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তিনি পশ্চিম বাস্তা গ্রামের মজিবর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নাশকতার অভিযোগ এনে সিঙ্গাইর থানায় মামলাটি করেন আকাশ আহমেদ ওরফে নয়ন নামের এক ব্যক্তি। তিনি পরিবহন শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ মামলায় বিএনপির নেতা-কর্মীসহ ২০ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। এ মামলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা কামরুল হাসানকে ৯ নম্বর আসামি করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমানের সুপারিশে গতকাল সন্ধ্যা সাতটার দিকে পুলিশ তাঁকে ছেড়ে দেয়।

এজাহারে বলা হয়, গত ৩০ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাইরের গাজিন্দা এলাকায় মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হন। তাঁরা ১০ ডিসেম্বরের ঢাকার গণসমাবেশে সামনে রেখে বিভিন্ন স্লোগান দেন। তাঁরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিচ্ছিলেন। একটি সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার সময় বাদী আকাশ আহমেদকে দেখার পরপরই সড়কের ওপর এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটান মিছিলকারীরা। পরে বাদী পুলিশকে ঘটনা জানান। পুলিশ ঘটনাস্থল আসার পরপরই মিছিলকারীরা পালিয়ে যান।

এ ঘটনার পর দিন আকাশ আহমেদ বাদী হয়েছে বিএনপির নেতা-কর্মীদের আসামি করে সিঙ্গাইর থানায় ওই মামলা করেন।

মামলার আসামি কামরুল হাসান আজ বুধবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল বেলা তিনটার দিকে পশ্চিম বাস্তা গ্রামে বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমানের সুপারিশে সন্ধ্যা সাতটার দিকে পুলিশ তাঁকে ছেড়ে দেয়। কামরুল হাসান দাবি করেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে বাদী এ মামলায় তাঁকে আসামি করেছেন।

এ ব্যাপারে মামলার বাদী আকাশ আহমেদের বক্তব্য জানার জন্য আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসানকে গ্রেপ্তারের পর মুক্তির বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান বলেন, কামরুল স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে মামলায় উল্লেখ করা ঘটনার সময় সেখানে তাঁর থাকার কথা নয়। বাদীর সঙ্গে ব্যক্তিগত সমস্যার কারণে এ মামলায় তাঁকে আসামি করা হয়ে থাকতে পারে। পরে এ ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বলে তাঁকে থানা থেকে ছাড়িয়ে আনা হয়।

এ বিষয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, বাদী ভুল করে এজাহারে তাঁর (কামরুল) নাম দিতে পারেন। তবে বিষয়টি তদন্তাধীন। মামলার আসামি গ্রেপ্তারের পর থানা থেকে ছেড়ে দেওয়া যায় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। বিস্তারিত পরে জানানো হবে।’