
বরগুনা জেলার পাথরঘাটায় সাগরে ডাকাতি ও ৯ জেলে নিখোঁজের ঘটনায় চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে চার জলদস্যুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার রাতে উপজেলার গন্ডামারা, বড়ঘোনা, বাংলাবাজার, শীলকূপে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে ওই চার জলদস্যুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনার মো. কাইছার (২৫), মো. সেলিম (৪০), মো. ইকবাল হোসেন (১৫) ও পূর্ব বড়ঘোনার মো. জাহিদ (২৫)। অভিযানে চারটি দেশীয় অস্ত্র, গোলাবারুদ, দুটি হাতুড়ি, তিনটি দা, একটি কিরিচ, দুটি শাবল, জাল ও তাঁদের ব্যবহৃত নৌকা জব্দ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, ডাকাতেরা ১০ ফেব্রুয়ারি নৌকা নিয়ে সমুদ্রে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেল এলাকায় একটি ডাকাতি করেন। পরে তাঁরা বরগুনা-পটুয়াখালী চ্যানেলের দিকে গিয়ে ডাকাতি করেন। ওই সময় জলদস্যুদের হামলায় জীবন বাঁচাতে সাগরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন ৯ জেলে। এ ঘটনার পর র্যাব চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে।
র্যাব-৭–এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলদস্যুতার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। গতকাল বুধবার ওই চারজনকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। সাগরে ডাকাতির ঘটনায় অভিযান অব্যাহত আছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, জলদস্যুদের আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার কাইছারের বিরুদ্ধে বাঁশখালী থানায় দুটি চুরির মামলা এবং মো. সেলিমের বিরুদ্ধে পাঁচটি মামলা আছে।