ভোটার দিবসের সভায় অধিকাংশেরই বয়স ১৫ বছরের নিচে

জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় উপস্থিতির অর্ধেকের বেশিই শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে
ছবি: প্রথম আলো

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় উপস্থিতির অর্ধেকের বেশিই শিক্ষার্থী। তাদের সবার বয়স ১৫ বছরের নিচে। নিয়মানুযায়ী ১৮ বছরের নিচে কেউ ভোটার হতে পারে না। উপরন্তু, সভায় জনপ্রতিনিধিদের উপস্থিতি ছিল একেবারেই কম। এ নিয়ে উপজেলার চলছে নানা আলোচনা-সমালোচনা।

জাতীয় ভোটার দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডেইজী চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন দেবীদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী আবদুল ওয়াহিদ মো. সালেহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর, দেবীদ্বার বাজার কমিটির সভাপতি হীরন মোল্লা ও ইউনিয়ন পরিষদের দুজন চেয়ারম্যান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আলতাফ হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সভায় দেবীদ্বার মফিজ উদ্দিন আহম্মেদ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। শিক্ষার্থীরা শোভাযাত্রা শেষে সভায় বসে ছিল।

দেবীদ্বার মফিজ উদ্দিন আহম্মেদ পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফোন দিয়ে ৩০ জন ছাত্রীকে শোভাযাত্রায় রাখতে বলেন। তিনি সকাল ১০টায় ছাত্রীদের নিয়ে শোভাযাত্রায় যোগ দেন। শোভাযাত্রা শেষে শিক্ষার্থীরা সভাতেও যোগ দেয়।

নির্বাচন কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, ‘ওই স্কুলের প্রধান শিক্ষক আমাদের কমিটির সদস্য। শিক্ষার্থীদের র‍্যালির জন্য নিয়ে আসা হয়েছিল। কিন্তু মিটিংয়ে লোকজনের উপস্থিতি কম থাকায় শিক্ষার্থীদের মিটিংয়ে রেখে দেওয়া হয়।’

জেলা পরিষদের সদস্য ও কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন সুলতানা বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে জাতীয় ভোটার দিবসের মতো গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে দাওয়াত না পাওয়াটা খুবই দুঃখজনক। পরে শুনেছেন শিক্ষার্থীরাও আলোচনা সভায় যোগ দিয়েছে।

এ বিষয়ে ইউএনও ডেইজী চক্রবর্তী বলেন, উপজেলা প্রশাসনের এলাকার মধ্যেই ওই বিদ্যালয়। এ জাতীয় অনুষ্ঠান হলে শিক্ষার্থীরা গার্ল গাইডসের ভূমিকা রাখে। তাঁদের র‍্যালি শেষে নাশতা করানোর জন্য সভায় বসানো হয়।