২২ কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করেছে এলজিইডি। কিন্তু মাঝখানে ভবনটি পড়ায় ওই অংশে সড়কের কাজ আটকে আছে।

৭০ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক সড়কটির শুরু রাজশাহীর গোদাগাড়ীর রেলবাজারে। শেষ হয়েছে চাঁপাইনবাবগঞ্জের আমনুরায়। রেলবাজার থেকে যাত্রা শুরু করলে দেড় কিলোমিটার যেতে না যেতেই সড়কটি হঠাৎ শেষ হয়ে যাবে। পথ আগলে দাঁড়াবে একতলাবিশিষ্ট দসাসই একটা দালান। তার আশপাশে কিছু খুপরি ঘরবাড়ি। সেসব বাড়ির উঠান মাড়িয়ে ভবনের অন্য প্রান্তে গেলে দেখা পাওয়া যাবে হারিয়ে যাওয়া পাকা সড়কটির।
গোদাগাড়ীর সাগুয়ান ঘুন্টি এলাকার চিত্র এটি। এক পৌর কাউন্সিলর ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে রেলের সরকারি জমি দখলে নিয়ে রাস্তার মাঝবরাবর ভবনটি নির্মাণের অভিযোগ উঠেছে। তিনি ও তাঁর ভাইয়েরা এলাকায় প্রভাবশালী হওয়ায় সরকারি জায়গা থেকে ভবনটি সরছে না।
তিন মাস ধরে রাস্তাটিও পূর্ণতা পাচ্ছে না। ওই কাউন্সিলর ও তাঁর ভাইদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আছে। কাউন্সিলর নিজে মাদকের মামলায় গ্রেপ্তারও হয়েছিলেন বলে থানা-পুলিশ সূত্র জানা গেছে।
২১ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। গোদাগাড়ীর রেলবাজারে সড়কটির একটি নামফলক রয়েছে। তাতে লেখা, ‘রেলবাজার থেকে আমনুরা সড়ক ভায়া মাওলানার গেট, ধুলিশংক রাতাহারি।’ ৭০ কিলোমিটার দীর্ঘ এ সড়কের সাড়ে ১৯ কিলোমিটার পড়েছে গোদাগাড়ীতে।
এলজিইডি সূত্রে জানা গেছে, ডন এন্টারপ্রাইজ ও মো. ওয়াসীমুল হক জেভি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটি নির্মাণ করছে। ২০২০ সালের ২৯ অক্টোবর এই সড়কের নির্মাণকাজের কার্যাদেশ দেওয়া হয়। মেয়াদ পার হয়ে যাওয়ার পর গত ২৭ নভেম্বর পর্যন্ত তা বাড়ানো হয়। এই সময়ের মধ্যে রাস্তার নির্মাণকাজ শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় গোদাগাড়ীর এক প্রভাবশালী পরিবারের এই বিপণিবিতান।
সম্প্রতি সরেজমিনে দেখা গেল, রেলবাজার থেকে ১২ ফুট প্রস্থ পাকা সড়কটি শুরু হয়েছে। দেড় কিলোমিটার এগোনোর পর সড়কটি হঠাৎ যেন শেষ হয়ে গেছে। সড়কের সামনে একতলাবিশিষ্ট একটি ভবন। ভবনটি পার হয়ে বিপরীত পাশে যাওয়ার কোনো রাস্তা নেই। রাস্তার দুই পাশে মানুষের বাড়ি। একটি বাড়ির এক পাশ দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে দেখা গেল, মাঝে একটি ১২৫ ফুট দীর্ঘ একটি বিপণিবিতান। এর সামনের দিকে তিনটি ওষুধের দোকান, একটি বৈদ্যুতিক যন্ত্রপাতি, একটি সেলুন, একটি বস্ত্রালয় ও একটি স্যান্ডেল ও প্রসাধনসামগ্রীর দোকান রয়েছে। তবে বিপণিবিতানের অর্ধেকের বেশি দোকান ফাঁকা পড়ে আছে। ছয় বছর আগে ভবনটি নির্মাণ করা হয় বলে জানা গেছে।
বিপণিবিতানটির আশপাশে কোনো বাজার নেই। সামনে একটি গুদাম আর চায়ের দোকান আছে। লোকজন এদিকে খুব একটা আসে না বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন। বিরানভূমির মাঝখানে রেলের জমিতে হঠাৎ গড়ে উঠেছে বিপণিবিতানটি।
জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, গোদাগাড়ী থেকে আমনুরা পর্যন্ত একটি পরিত্যক্ত রেললাইন আছে। এই রেলের সম্পত্তি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ইজারা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
সাগুয়ান ঘুন্টি গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, ‘এটা ব্যবসার কোনো জায়গা না। ওদের পয়সা আছে। ওরা বিল্ডিং (ভবন) বানাইছে। ওরা মনে করেছিল, বিল্ডিং বানালেই ব্যবসা হবে। এখানে লোক নাই, জোন নাই, কোত্থেকে ব্যবসা হবে! অর্ধেকের বেশি দোকান পড়ে আছে।’
স্থানীয় লোকজন জানান, এই বিপণিবিতানের মালিক গোদাগাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুল ইসলাম ও তাঁর ভাইয়েরা। মনিরুলের ভাই টিপু ও মেহেদী হাসানের বিরুদ্ধে থানায় মাদকের মামলা রয়েছে বলে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান নিশ্চিত করেছেন।
অবশ্য অভিযোগ অস্বীকার করে মেহেদী হাসান দাবি করেছেন, মানুষ অনেক কিছুই বলে। আসলে তাঁরা মাদক ব্যবসায়ী নন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোদাগাড়ী পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও মাদারপুর মহল্লার বাসিন্দা মনিরুল ইসলামের (৪৭) নামে পুঠিয়া থানায় ২০১৭ সালের ২৮ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলা নম্বর ছিল ১৭। ঘটনার দিন তাঁকে পুঠিয়া থানার ঝলমলিয়া চেকপোস্ট থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া চারঘাট থানায় মাদকের অপর একটি মামলাতেও গ্রেপ্তার হয়েছিলেন মনিরুল।
মনিরুলের ভাই মেহেদী হাসানের (৪১) নামে গোদাগাড়ী থানায় ২০১২ সালের ২০ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নম্বর ২৩) হয়।
অপর ভাই মো. টিপু (৩৭) ২০১৫ সালের ২৫ জুলাই জেলার পবা থানার মুরারীপুর এলাকায় মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার হন। পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নম্বর ২৯) হয়। এ ছাড়া ২০১০ সালের ২৩ আগস্ট রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে ২৫-বি/ ২৫-ডি ধারায় মামলা হয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, প্রভাবশালী হওয়ায় সরকারি জমির ওপরে তাঁরা বিপণিবিতান নির্মাণ করে ভাড়া তুলে খাচ্ছেন। তাঁদের ভবনে সড়ক কর্তৃপক্ষ হাত দিতে পারছে না। অথচ রাস্তার ওপর পড়ার কারণে এই বিপণিবিতানের পরে আমনুরা পর্যন্ত শতাধিক মানুষের বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে। এমনকি ফ্ল্যাটবাড়িও ভাঙা পড়েছে। আবার একটি মসজিদ রাস্তার জমির ওপর পড়ার কারণে মসজিদ কমিটিকে সেটি ভেঙে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বিপণিবিতানটি এখনো বহাল তবিয়তে আছে।
যোগাযোগ করা হলে কাউন্সিলর মনিরুল ইসলাম স্বীকার করেন তাঁদের ভবনটি সরকারি জমিতে রয়েছে। তবে ওই এলাকার অনেক মানুষের বাড়িই সরকারি জমিতে আছে বলে দাবি করেন। তিনি বলেন, তাঁদের বিপণিবিতানের ব্যাপারে তাঁর ছোট ভাই ভালো বলতে পারবেন।
যোগযোগ করা হলে তাঁর ছোট ভাই মেহেদী হাসান বলেন, বিপণিবিতানের জায়গাটি তাঁরা টাকা দিয়ে কিনেছেন। আগে জানতেন না যে সরকারি জায়গা। তাহলে টাকা দিয়ে কিনতেন না। তাঁরা শুধু বলেছেন, তাঁদের এত বড় ক্ষতি না করে যদি রাস্তাটি করা যায়, তাহলে তাঁদের জন্য ভালো হয়। তারপর কর্তৃপক্ষ যা করবে, তাতে তাঁদের আপত্তি নেই।
এ ব্যাপারে গোদাগাড়ী উপজেলা প্রকৌশলী সদরুল ইসলাম বলেন, তাঁদের বুলডোজার প্রস্তুত রয়েছে। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য অবগত আছেন। তিনি জায়গা উদ্ধার করে রাস্তার কাজ করতে বলেছেন। তাঁরা সেই প্রস্তুতি নিচ্ছেন।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় জেলা প্রশাসক এলজিইডিকে নির্দেশনা দিয়েছেন, ওই বিপণিবিতান ভেঙেই রাস্তা করতে হবে। এ জন্য ম্যাজিস্ট্রেট ও প্রয়োজনীয়সংখ্যক পুলিশ দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। কিন্তু এখন পর্যন্ত এলজিইডি কেন পদক্ষেপ নেয়নি, বিষয়টি তাঁদের কাছে পরিষ্কার নয়।