
নাটোরের সিংড়া উপজেলায় চলনবিলে ফাঁদ পেতে পাখি শিকারের দায়ে তিন শিকারিকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলার হুলহুলিয়া ও সারদানগর ডুবন্ত সড়কের বড়িতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান এ জরিমানা করেন।
এ সময় উদ্ধার করা ১৫টি বিভিন্ন প্রজাতির পাখি আকাশে অবমুক্ত করা হয়। সেই সঙ্গে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জালের ফাঁদ জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সূত্রে জানা যায়, আজ ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সহসভাপতি হাসান ইমামের নেতৃত্বে ১৫ সদস্যের দুটি দল সিংড়া উপজেলার সারদানগর, হুলহুলিয়া ও মুষ্ঠিগড় বিলে অভিযান পরিচালনা করে। সংগঠনের সদস্যরা প্রায় চার কিলোমিটার কাদাপানি মাড়িয়ে সাত পাখিশিকারিকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। তাঁদের মধ্যে মুষ্ঠিগড় গ্রামের পেশাদার পাখিশিকারি আবদুর রাজ্জাক (৬৫), হুলহুলিয়া গ্রামের লুৎফর রহমান (৫৪) ও মজু সরদারকে (৭৫) দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া পাখিশিকারি সজিব, তুহিন ও দুই কিশোরের মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
সাইফুল ইসলাম বলেন, বর্ষার শেষ ভাগে এবং শীতের শুরুতে অল্প পানিতে মাছের সঙ্গে পাখির কলকাকলিতে মুখর থাকে চলনবিল। আর সেই সঙ্গে এক শ্রেণির পাখিশিকারিদের তৎপরতা বেড়ে যায়। এ কারণে তাঁরা বিলের পাখি ও প্রকৃতি বাঁচাতে রাত–দিন বিলের দুর্গম এলাকায় ছুটে চলছেন। আজ ভোরে বিলের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে ওই তিন পাখিশিকারিকে তাঁরা হাতেনাতে আটক করেছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান বলেন, পাখি ও প্রকৃতি বাঁচাতে বিলে স্থানীয় পরিবেশকর্মীদের সঙ্গে নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে পাখিশিকারিরা আতঙ্কে আছেন।