
সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ৪ নম্বর ওয়ার্ডে (রায়গঞ্জ) সদস্য পদে ‘জাল টাকায় ভোট কেনাবেচার’ খবর প্রকাশের পর অবশেষে তদন্ত শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে রায়গঞ্জ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ঘটনাটি তদন্তের জন্য বিভিন্ন পক্ষের বক্তব্য নেওয়া হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ফারুক আহাম্মদের সভাপতিত্বে এতে জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৃপ্তি কণা মণ্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজয়ী প্রার্থী সুমন সরকার, পরাজিত প্রার্থী ফিরোজ খান, গোলাম মোস্তফা ইকবাল, নির্বাচনের ভোটার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের লিখিত ও মৌখিক বক্তব্য গ্রহণ করেন তাঁরা।
অন্যদিকে, বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ প্রতিবেদকসহ স্থানীয় তিন গণমাধ্যমকর্মীর লিখিত বক্তব্য নেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক ফারুক আহাম্মদ, জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলামসহ অন্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী। তিনি অভিযুক্ত সুমনের সাফাই গেয়ে জেলা প্রশাসকের সামনে দাবি করেন, রায়গঞ্জে জাল টাকায় ভোট কেনাবেচার কোনো প্রমাণ নেই।
জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, অভিযোগ না পেলেও নির্বাচন কমিশনের নির্দেশে তাঁরা ১০২ জনের বক্তব্য গ্রহণ করেছেন।
জেলা প্রশাসক ফারুক আহাম্মদ প্রথম আলোকে বলেন, ইসির নির্দেশে রায়গঞ্জের ৪ নম্বর ওয়ার্ডে জাল টাকায় ভোট কেনাবেচার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর তদন্ত শুরু হয়। তাঁরা মূলত কার বা কোন প্রার্থীর প্ররোচনায় ভোটের আগের রাতে জাল টাকা বিতরণ করা হয়েছে, সেই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন।
তবে জয়ী-পরাজিত প্রার্থীসহ ভোটাররা অভিযোগের বিষয়ে মুখ খুলতে চাইছেন না বলে তিনি জানান।
তদন্ত কার্যক্রম পরিচালনার সময় আশপাশের এলাকায় অভিযুক্ত সুমনের লোকজনের আধিক্য থাকায় অনেকে সংশয়ে ছিলেন বলে জানা গেছে। এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পক্ষ থেকে তাঁরা সব সময় সজাগ ছিলেন।
১৭ অক্টোবর সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের আগের রাতে বিজয়ী প্রার্থী সুমন সরকার ভোটারদের জাল টাকার বান্ডিল দিয়ে ভোট কেনেন। এ নিয়ে প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ভোটের দিন ভুক্তভোগীরা স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে এ নিয়ে আক্ষেপ করলেও এখন মুখ খুলতে ভয় পাচ্ছেন।