সড়ক ইজিবাইককে চাপা দেওয়ার বাসটি আটকে রাখে স্থানীয় লোকজন । আজ দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায়
সড়ক  ইজিবাইককে চাপা দেওয়ার বাসটি আটকে রাখে স্থানীয় লোকজন । আজ দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায়

চকরিয়ায় বাসচাপায় ইজিবাইকের চালক নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় বাসের চাপায় এক অটোরিকশা (ইজিবাইক) চালক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা একটার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের খুটাখালীর গ্রামীণ ব্যাংক রাস্তার মাথা নামের এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইজিবাইকের চালকের নাম মো. তারেক (২১)। তিনি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের আবুল কালামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, বেলা একটার দিকে ইজিবাইক নিয়ে চালক মো. তারেক গ্রামীণ রাস্তা থেকে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী দ্রুতগামী পূরবী পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকের চালকের মৃত্যু হয় এবং ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়।

মালুমাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাসের ধাক্কায় ইজিবাইকচালক তারেক নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসটির চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।