নারায়ণগঞ্জ

গ্যাস লিকেজ থেকে একের পর এক বিস্ফোরণ, দায় নিতে চায় না তিতাস

২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত এই জেলায় গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে ২০৩টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটের কক্ষ। গত শুক্রবার রাতে আড়াইহাজার পৌরসভার লাসরদী গোয়ালপাড়া এলাকায়
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনা নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, তিতাস গ্যাস কর্তৃপক্ষের গাফিলতির কারণে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা ঘটছে। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, গ্রাহকের অসচেতনতার কারণে এসব দুর্ঘটনা ঘটছে।

সর্বশেষ গত শুক্রবার রাতে আড়াইহাজারে একটি পাঁচতলা বহুতল ভবনের চারতলায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতিসহ চারজন দগ্ধ হন। এর মধ্যে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দম্পতিসহ তিনজনের মৃত্যু হয়। নিহত ওই দম্পতি একটি পোশাক কারখানায় সুপারভাইজার পদে কাজ করতেন। বিস্ফোরণে ওই বাড়ির জানালা উড়ে যায়।

এর আগে চলতি বছরের ১২ আগস্ট নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে হোসাইনী নগর এলাকায় একটি ফ্ল্যাট বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ হন। বিস্ফোরণে পাঁচতলার ফ্ল্যাটের দেয়াল উড়ে পাশের একটি টিনশেড বাড়ির ওপরে গিয়ে পড়ে।

২৯ জুলাই সদর উপজেলার কাশিপুরে একটি অটোরিকশার শোরুমে বিস্ফোরণে ১৫ জন দগ্ধ হন। বিস্ফোরণে পাঁচতলা ভবনের নিচতলার শোরুমের চার পাশের দেয়াল উড়ে যায়। দগ্ধ ব্যক্তিদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

ওই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরাকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। তদন্তে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে পাইপলাইনের লিকেজ থেকে ওই দুর্ঘটনা ঘটেছে বলে উঠে এসেছে। কমিটি তিতাস গ্যাসের অবহেলা ও তদারকিকে দায়ী করে ১৬ দফা সুপারিশসহ প্রতিবেদন দাখিল করে।

গ্রাহকের অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেছেন তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মামুনার রশিদ। প্রথম আলোকে তিনি বলেন, গ্রাহকের অসর্তকতার কারণে দুর্ঘটনা ঘটলে সেই দায় তিতাস গ্যাস নেবে না। রাইজার পর্যন্ত পাইপলাইনের দায়িত্ব তিতাসের। ঘরের ভেতরের পাইপলাইনের দায়িত্ব গ্রাহকের নিজের। তিতাসের পাইপলাইনের লিকেজ থেকে যদি গ্যাস বেরও হয়, তা গ্রাহকের বাড়ির ভেতরে যাওয়া সম্ভব নয়। গ্রাহক সচেতন না হলে এই দুর্ঘটনা কোনোভাবে রোধ করা সম্ভব নয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের তথ্যমতে, ২০২০ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত তিন বছরে জেলাটিতে গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে ২০৩টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণহানি হয়েছে ৩৩ জনের। তবে ফায়ার সার্ভিসের তালিকায় অগ্নিকাণ্ডের সংখ্যা থাকলেও আগুনে দগ্ধ ব্যক্তিদের প্রাণহানির সঠিক পরিসংখ্যান নেই। এসব ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে সেই প্রাণহানির তথ্য ফায়ার সার্ভিসের কাছে থাকছে না। প্রকৃত হতাহতের ঘটনা অনেক বেশি। ২০২০ সালের ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের তল্লা বাইতুস সালাত জামে মসজিদে তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ৩৪ জনের মৃত্যু হয়। আহত হয় অনেকে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২০ সালের ৭ জুলাই থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত জেলাটিতে গ্যাসের লাইন থেকে ৩২টি বিস্ফোরণের দুর্ঘটনা ঘটেছে। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত গ্যাসের লাইন থেকে ১০০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২০২২ সালের ৯ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ২৯টি দুর্ঘটনা ঘটে। চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে ৩০ জুলাই গ্যাসের পাইপলাইন থেকে ৩১টি দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ প্রথম আলোকে, পুরোনো পাইপলাইনে লিকেজ, গ্যাস ব্যবহারে সচেতনতার অভাব, গ্যাস রেশনিং ও সিলিন্ডার অথবা সিলিন্ডার পাইপ ও চুলার চাবি থেকে গ্যাস লিকেজ থেকে গ্যাস জমে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। পুরোনো পাইপলাইন পরিবর্তন, অবৈধ সংযোগ উচ্ছেদ ও সচেতন করা না হলে আরও দুর্ঘটনা ঘটবে।

গ্যাসের লাইনের লিকেজ ও সিলিন্ডার থেকে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনা সারা দেশের তুলনায় নারায়ণগঞ্জে অনেক বেশি ঘটছে। নারায়ণগঞ্জ থেকে আগুনে দগ্ধ অনেক রোগী চিকিৎসা নিতে আসছেন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল সার্জন তরিকুল ইসলাম। প্রথম আলোকে তিনি বলেন, গ্যাসের লাইনের পোড়া রোগীদের অধিকাংশের শ্বাসনালি পোড়া থাকে। বেশির ভাগ ক্ষেত্রে তাঁদের বাঁচানো যায় না। তিতাস গ্যাস কর্তৃপক্ষ, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি বাড়ানো উচিত।