নোয়াখালীতে বিএনপির জনসমাবেশ

‘সরকারকে বিতাড়িত না করা পর্যন্ত ঘরে ফিরে যাব না’

ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিএনপির জনসমাবেশ। আজ সোমবার বেলা ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে
ছবি: প্রথম আলো

ঢাকার প্রবেশপথে ২৯ জুলাইয়ের অবরোধ কর্মসূচিতে নেতা-কর্মীদের ওপর ‘পুলিশ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা–কর্মীদের যৌথ হামলার’ প্রতিবাদে নোয়াখালীতে জনসমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বেলা ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে বক্তারা বলেন, বর্তমান সরকারের পদত্যাগের আগপর্যন্ত তাঁরা ঘরে ফিরবেন না। রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।

জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ জেড এম গোলাম হায়দার। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সদস্য মাহবুব আলমগীর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন ও সাধারণ সম্পাদক আবু হাসান মো. নোমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় এ জেড এম গোলাম হায়দার বলেন, ‘অনেক গুম হয়েছে, অনেক রক্ত ঝরেছে। এই হাসিনার সরকারকে বিতাড়িত করতে হবে। আমাদের আর পিছু হটার সুযোগ নেই। এই মাফিয়া সরকারকে হটিয়ে দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। এখন আমাদের একদফার আন্দোলন চলবে। এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘আমরা ২০১৪ সাল দেখেছি। ২০১৮ সাল দেখেছি। এই দুটি নির্বাচনের নামে এই দেশের মানুষের সঙ্গে আওয়ামী লীগ যে ধোকাবাজি করেছে, সেই ধোকাবাজি আর করতে দেওয়া হবে না। আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীন। এই দাবিতে আরও কর্মসূচি আসবে। এই কর্মসূচিতে আপনারা স্বতস্ফূর্তভাবে অশংগ্রহণ করবেন। হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকব।’

সমাবেশ চলাকালে আশপাশে সুধারাম থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বেশ কিছু সদস্য মোতায়েন ছিলেন। তবে এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।