নলডাঙ্গার আটটি অভয়াশ্রম

দখল-দূষণে ঝুঁকিতে মা মাছ

আসন্ন বর্ষায় হালতি বিল ও চলনবিলে প্রাকৃতিক মাছের পোনা উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে।

বারনই নদে পানি শুকিয়ে তলানিতে ঠেকেছে। গত বৃহস্পতিবার নাটোরের নলডাঙ্গার নাথুরাঘাট মৎস্য অভয়াশ্রমে
ছবি: প্রথম আলো

দখল ও দূষণে নাটোরের নলডাঙ্গা উপজেলার সাতটি অভয়াশ্রমে মা মাছ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। গত দুই সপ্তাহে অন্তত তিনবার মাছ মরে ভেসে উঠেছে। এতে আসন্ন বর্ষায় হালতি বিল ও চলনবিলে প্রাকৃতিক মাছের পোনা উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, হালতি বিলসহ উপজেলার উন্মুক্ত জলাশয় থেকে প্রতিবছর সাড়ে চার হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। এই মাছের প্রধান উৎস এখানকার আটটি অভয়াশ্রম। এর মধ্যে বারনই নদে ইয়ারপুর, আড়িয়াপাড়া, শ্যামনগর, নাথুরাঘাট, বারনই ও কালীগঞ্জে এবং মরা আত্রাই নদে খাজুরার হাটবিলা গ্রামে। এ ছাড়া সবচেয়ে বড় মৎস্য অভয়াশ্রমটি হচ্ছে হালতি মৎস্য অভয়াশ্রম বা ট্যাংকি। এসব অভয়াশ্রমে ৫-২০ কেজি ওজনের রুই, কাতলা, চিতল ও আইড় মা মাছ রয়েছে। এ ছাড়া বাইম, গুচি, ট্যাংরা, পাবদাসহ ছোট ছোট দেশীয় প্রজাতির মাছের প্রজনন হয় এসব অভয়াশ্রমে। সরকারিভাবে অভয়াশ্রমে মাছ পাহারা দেওয়ার জন্য স্থায়ী নিরাপত্তাকর্মী নিয়োগ হয়নি। স্থানীয় মৎস্যজীবী সমিতির সদস্যরা স্বেচ্ছাশ্রমে মাছ পাহারা দেওয়ার দায়িত্ব পালন করেন। যদিও তাঁদের বিরুদ্ধেই কখনো কখনো মাছ নিধনের অভিযোগ ওঠে। এ ছাড়া রাতে তিনজন আনসার দুটি অভয়াশ্রম পাহারার দায়িত্বে রয়েছেন।

টানা রোদ ও প্রচণ্ড গরমের কারণে এসব অভয়াশ্রমের তীরবর্তী এলাকায় পানির স্তর নেমে গেছে। গোসলসহ সাংসারিক কাজের জন্য লোকজন অভয়াশ্রমের পানি ব্যবহার করছেন। এমনকি গরু-ছাগলের গোসল করানো হচ্ছে অভয়াশ্রমে। এতে পানি দূষিত হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে পানির তাপমাত্রা। ফলে গত দুই সপ্তাহে অন্তত তিন দিন মা মাছ অসুস্থ হয়ে ভেসে ওঠে। আশপাশের লোকজন এসব মাছ নিয়ে গেছে।

নাথুরাঘাট মৎস্য অভয়াশ্রম এলাকার বাসিন্দা আমজাদ হোসেন (৭২) বলেন, অভয়াশ্রম কচুরিপানায় ঢাকা থাকায় গরমে মাছ ফাঁকা পানিতে এসে ভেসে উঠেছিল। ঈদের পরদিন একজন সাত কেজি ওজনের একটা আইড় মাছ ধরেছেন।

একই এলাকার গৃহবধূ রোকেয়া বেগম বলেন, অভয়াশ্রমে মানুষ ও পশুর গোসল করানো নিষেধ। কিন্তু প্রতিদিন দুপুরে গোসলের অজুহাতে বহু মানুষ এখানে নামছেন এবং সুযোগমতো মাছ ধরছেন। তাঁর স্বামী জয়নাল হোসেন অভয়াশ্রমটি দেখাশোনা করেন। তিনি নিষেধ করলে গ্রামের লোকজন তাঁকে ভয় দেখান।

শ্যামনগর অভয়াশ্রমের পাশের বাসিন্দা আবদুর রহমান (৬৫) বলেন, অভয়াশ্রমের কিছু অংশ মানুষের দখলে চলে গেছে। অনেকে সেখানে গোসল করেন, ঝিনুক তোলেন ও মাছ মারেন। পানি দূষিত হওয়ায় গত বুধবার এখানে একটা বড় কাতলা ভেসে উঠেছিল। মাছটির শরীরে ক্ষত ছিল।

গত বৃহস্পতিবার দুপুরে শ্যামনগর ও নাথুরাঘাট অভয়াশ্রম এলাকা ঘুরে দেখা যায়, বারনই নদের পানি শুকিয়ে গেছে। শুধু অভয়াশ্রম এলাকায় অল্প পানি আছে। পুরো এলাকা কচুরিপানায় ঢাকা। এর ফাঁক দিয়ে বড় বড় চিতল মাছ ভেসে উঠছে। এ ছাড়া বাঁশের সঙ্গে লালসালু ঝুলিয়ে দিয়ে রাখা হয়েছে। তবে দেখভাল করার কেউ নেই। কয়েকজন কিশোরকে ঠেলা জাল নিয়ে মাছ ধরতেও দেখা গেল।

নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, ‘অত্যধিক গরমে অভয়াশ্রমের মা মাছ কিছুটা ঝুঁকিতে আছে, এ কথা সত্য। আশপাশের মানুষ নলকূপে পানি না পেয়ে অভয়াশ্রমের পানি ব্যবহার করছেন। এতে সেখানকার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। স্থায়ী পাহারাদার না থাকায় ২৪ ঘণ্টা একইভাবে নিরাপত্তাবলয়ে রাখা সম্ভব হয় না। বড় বড় মাছ দেখে অনেকে নানা কৌশলে মাছ ধরার চেষ্টা করছেন। নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’