
যশোরে বিশেষ অভিযানের নামে বিএনপির শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে। সর্বশেষ গতকাল বুধবার রাতে জেলা বিএনপির সদস্যসচিব সাবেরুল হক, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ও নির্বাহী সদস্য মিজানুর রহমান খানের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ ছাড়া এ রাতেই নগর বিএনপি ও যুবদলের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক প্রথম আলোকে বলেন, ‘আমার বাড়িতে স্ত্রী আর আমি থাকি। বুধবার রাতে সাত থেকে আট গাড়ি পুলিশ আমার বাড়িতে গিয়ে আমার খোঁজ নেয়। এতে স্ত্রীসহ আমার পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বাড়ছে।’ তিনি আরও বলেন, ‘শুধু আমার বাড়িতেই নয়, জেলার শীর্ষ নেতা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি প্রতি রাতেই তল্লাশি করছে পুলিশ। প্রতিদিন ২০ থেকে ২৫ নেতা-কর্মীকে আটক করা হচ্ছে। গত কয়েক দিনে শতাধিক নেতা-কর্মী আটক হয়েছেন।’
গত এক সপ্তাহে জেলায় শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
সাবেরুল হক বলেন, যশোরে বিএনপির কোনো নেতা রাতে বাড়িতে থাকতে সাহস করছেন না। তবে অধিকাংশ নেতা-কর্মী ১০ ডিসেম্বরের গণসমাবেশে যোগ দিতে ঢাকা বা ঢাকার আশপাশে অবস্থান নিয়েছেন। সমাবেশ বানচাল করতেই সরকার ‘গায়েবি’ মামলা দিয়ে নেতা-কর্মীদের হয়রানি করছে বলেও দাবি করেন তিনি।
যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বলেন, পুলিশ আবারও গণগ্রেপ্তারে নেমেছে। গ্রেপ্তার আতঙ্কে নেতা-কর্মীরা বাড়িতে থাকছেন না।
জেলা বিএনপির নেতারা জানান, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে জেলায় একাধিক মামলায় দুই শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এর মধ্যে গত এক সপ্তাহে জেলায় শতাধিক নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য জানার জন্য যশোর জেলা পুলিশের মুখপাত্র ডিবি ওসি রূপম কুমার সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) বেলাল হোসাইনের মুঠোফোনে একাধিকার কল করা হলেও কেউ ফোন ধরেননি।
তবে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘যাঁদের আটক করা হয়েছে, তাঁরা বিএনপির নেতা-কর্মী কি না, বলতে পারব না। যাঁরা বিস্ফোরক দ্রব্য মামলার আসামি, তাঁদেরই গ্রেপ্তার করছে পুলিশ।’