অনেক স্থানের চার লেন সড়ক দুই লেনে পরিণত হয়েছে। এসব চলাচলে ভোগান্তি ও যানজটের সৃষ্টি হচ্ছে।

রংপুর নগরে বিপণিবিতান ও বাণিজ্যিক ভবনের সামনের সড়কে যানবাহন রাখা হচ্ছে। এই অবৈধ পার্কিংয়ের কারণে সড়ক সরু হয়ে যায়। অনেক স্থানের চার লেন সড়ক দুই লেনে পরিণত হয়েছে। এসব চলাচলে ভোগান্তি ও যানজটের সৃষ্টি হচ্ছে।
নগরের সিটি বাজারের সামনে থেকে সুপার মার্কেটের মোড় হয়ে পায়রা চত্বর এবং জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের আশপাশে বিপণিবিতান, বাজার, ব্যাংক-বিমা অফিস এবং ধাপ এলাকায় ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারসহ বেসরকারি হাসপাতাল অবস্থিত। মূলত এসব এলাকায় ভোগান্তি বেশি হচ্ছে।
গত মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে গিয়ে দেখা যায়, এর সামনে সড়কের অর্ধেক গাড়ি পার্কিংয়ে ব্যবহার হচ্ছে। এ স্থানে সড়ক প্রশস্ত প্রায় ৬৫ ফুট। এর অর্ধেকের বেশি সড়কজুড়ে ৫০টির বেশি মোটরসাইকেল, একটি প্রাইভেট কার ও পিকআপ দাঁড়িয়ে রয়েছে। এর ফলে সড়ক সরু হয়ে পড়েছে। ক্রেতাদের মার্কেটে প্রবেশ করতেও ভোগান্তি পোহাতে হচ্ছে।
দীর্ঘ সময় ধরে সেখানে সড়কের ওপর মোটরসাইকেল রাখা। দুজন মোটরসাইকেলচালকের সঙ্গে কথা হয়। নগরের শালবন এলাকার বাসিন্দা সরওয়ার হোসেন বলেন, ‘বিপণিবিতানের সামনে পার্কিং না করলে কোথায় গিয়ে করব? জায়গা তো নেই?’
সুপার মার্কেটের সামনে শিশুসন্তান নিয়ে কেনাকাটা করতে আসা মল্লিকা সেন নামের এক নারী বলেন, ‘মার্কেটের সামনে মোটরসাইকেলের গ্যারেজ হয়ে গেছে। ভোগান্তির শেষ নেই।’
বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত শহরের ধাপ এলাকায় চিকিৎসাসেবার জন্য ছুটে আসেন হাজারো মানুষ। এ এলাকায় ডায়াগনস্টিক সেন্টার, প্রাইভেট হাসপাতাল, ক্লিনিকগুলো অবস্থিত।
সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত প্রায় এক ঘণ্টা হেঁটে দেখা যায়, মেডিকেল মোড় থেকে বাংলাদেশ ব্যাংক মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটারে মানুষের ছোটাছুটি। সেই সঙ্গে সড়কের দুই পাশে মোটরসাইকেল, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স পার্কিং করা।
সড়ক ভবনের সামনে সড়কের এক পাশে সারিবদ্ধভাবে কার পার্কিং করতে দেখা যায়। এ ছাড়া মেডিকেল মোড়ের পাশে ওষুধের দোকানের সামনে সারিবদ্ধ মোটরসাইকেল। আপডেট, ল্যাবএইড, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনের সড়কের পাশে মোটরসাইকেল, কার ও মাইক্রোবাস রাখা।
পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কের প্রস্থ ৬৫ ফুট। গাড়ি পার্কিং করার ফলে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। সড়কের দুই পাশে হাঁটাই দুষ্কর।
সড়ক ভবনের সামনে পার্কিং করা এক প্রাইভেট কারের চালকের সঙ্গে কথা হয়। চালক রমজান আলী লোকজনের চলাচলে ভোগান্তির কথা স্বীকার করে বলেন, ‘কুড়িগ্রাম থেকে রোগী নিয়ে এসেছি। গাড়ি পার্কিং করার কোনো স্থান নেই। উপায় না পেয়ে এই স্থানে পার্কিং করে বসে আছি।’
এদিকে সিটি বাজারের সামনের চিত্র ভিন্ন রকম। এখানে গাড়ি পার্কিং স্বল্প সময়ে হলেও সড়কের ওপর যাত্রীদের ওঠানামা করতে প্রতিনিয়ত একটির পর একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকে।
গত বুধবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আধা ঘণ্টা সরেজমিনে দেখা যায়, ব্যাটারিচালিত রিকশাগুলো সড়কের ওপর এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে। ৬৫ ফুট প্রস্থ সড়কের চার লেন সড়ক সংকুচিত হয়ে কার্যত দুই লেনে হয়েছে।
সিটি করপোরেশনের ভাষ্য, সড়কের পাশে বহুতল ভবন করে ব্যবসা পরিচালিত হওয়া এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর পার্কিংয়ের কোনো সুবিধা নেই। ফলে সড়কের ওপরই পার্কিং করা হচ্ছে। সড়ক সংকুচিত হয়ে পড়ছে। বর্তমানে আনুমানিক ৩৫ হাজার ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) ও ৭-৮ হাজার ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। এর মধ্যে ১১ হাজার অটোরিকশার নিবন্ধন রয়েছে।
এ বিষয়ে মহানগর ট্রাফিক পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, ‘শিগগিরই সড়কের মধ্যে অবৈধ পার্কিং বন্ধে অভিযান চালানো হবে।’
সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান বলেন, শহরে প্রধান সড়কের পাশে বহুতল ভবন নির্মাণ করে ব্যবসাপ্রতিষ্ঠানসহ মার্কেট গড়ে উঠেছে। এসব ভবনের নিজস্ব পার্কিং সুবিধা নেই। এ জন্য যেখানে-সেখানে পার্কিং হচ্ছে। শিগগিরই মেট্রোপলিটন পুলিশ ও সিটি করপোরেশন যৌথ উদ্যোগে অভিযান চালাবে।