সাভারে ধারালো অস্ত্রের আঘাতে গোয়েন্দা পুলিশের সদস্য আহত, আটক ৩

আহত এএসআই মো. সুলতান সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন
ছবি: সংগৃহীত

সাভারে পুলিশের ঢাকা জেলা গোয়েন্দা শাখার (উত্তর) একজন সদস্য দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাঁর নাম  মো. সুলতান (৩৫)। গতকাল শুক্রবার রাতে সাভার পৌরসভার জামসিং এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. সুলতান পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী উপপরিদর্শক (এএসআই)। তিনি সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

ডিবি পুলিশ সূত্র জানায়, এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে গোয়েন্দা পুলিশের সাভার কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।

আজ শনিবার দুপুরে পুলিশের ঢাকা ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ জানায়, মো. সুলতান গতকাল রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে সাভারের ভাটপাড়া এলাকায় নিজ ভাড়া বাসায় ফিরছিলেন। পথে সাভার পৌরসভার জামসিং এলাকায় পৌঁছালে পেছন থেকে তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান দুর্বৃত্তরা। এতে মোটরসাইকেল থেকে পড়ে যান তিনি।

এরপর সুলতান নিজেই স্থানীয় একটি ফার্মেসিতে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। আঘাত গুরুতর হওয়ায় স্থানীয় লোকজন তাঁকে সাভারের বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যান।

এ সময় সুলতান বিষয়টি মুঠোফোনে তাঁর সহকর্মীদের জানালে তাঁরা গিয়ে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ওই হাসপাতালে ভর্তি আছেন তিনি।

ওসি রিয়াজ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আহত সুলতানের মাথায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাঁর মাথার পেছন দিকে ১৫ থেকে ১৬টি সেলাই দেওয়া হয়েছে। এক ব্যাগ রক্তও দিতে হয়েছে তাঁকে।

চিকিৎসকদের বরাত দিয়ে ওসি রিয়াজ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘সুলতান এখন শঙ্কামুক্ত। আমরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি। ইতিমধ্যে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।’