হত্যার হুমকি দেওয়ার অভিযোগে সংসদ সদস্য আয়েনের বিরুদ্ধে মামলা

সংসদ সদস্য আয়েন উদ্দিন
সংসদ সদস্য আয়েন উদ্দিন

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের বিরুদ্ধে হত্যার হুমকি, মারধর ও ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা হয়েছে। জেলা পরিষদ নির্বাচনের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামানের একজন সমর্থক বাদী হয়ে আজ বৃহস্পতিবার মামলাটি করেছেন। কয়েক দিন আগে তাঁর বিরুদ্ধে মোহনপুর উপজেলা কৃষক লীগের এক নেত্রী থানায় একটি লিখিত অভিযোগ করেন।

এই মামলার মোট আসামি আটজন। এঁদের মধ্যে মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেনও আছেন। বৃহস্পতিবার সকালে রাজশাহীর মোহনপুর উপজেলা আমলি আদালতে মামলাটি করা হয়। মামলার বাদীর নাম আলী হায়দার।

মামলার আরজিতে বলা হয়, গত ৬ অক্টোবর রাতে জেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের সমর্থকেরা ধুরইল ইউপি কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন টানাতে যান। এ সময় তাঁদের বাধা দেওয়া হয়। পরে সংসদ সদস্য আয়েন উদ্দিনের নির্দেশে তাঁর লোকজন আখতারুজ্জামানের সমর্থকদের মারধর করেন। এ ছাড়া দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার সময় আয়েন উদ্দিন প্রার্থীর লোকজনকে প্রাণনাশের হুমকি দেন।

বাদীপক্ষের আইনজীবী আবদুল ওহাব সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা হওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের ম্যাজিস্ট্রেট লিটন আহমেদ মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন। ২৬ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ঘটনার দিন রাতে (গত ৬ অক্টোবর) আয়েন উদ্দিন প্রথম আলোকে বলেছিলেন, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামানের সমর্থকেরা রাত সাড়ে ১০টার দিকে ধুরইল ইউনিয়ন পরিষদ ভবনের ভেতরে গিয়ে পোস্টার লাগাতে যায়। চৌকিদারেরা তাঁদের ভেতরে পোস্টার লাগাতে নিষেধ করেন। এর কিছুক্ষণ পরেই তিনটি মাইক্রোবাসে আখতারুজ্জামানের অন্তত ২৫ থেকে ৩০ জন সমর্থক এসে ইউনিয়নের চেয়ারম্যান ও তাঁকে (সংসদ সদস্যকে) গালাগালি করতে থাকেন। তাদের গাড়ির নিচে পড়ে আওয়ামী লীগের একজন কর্মী মারা গেছেন বলে তাঁকে খবর দেওয়া হয়। এই খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে জানতে পারেন ওই কর্মী মারা যায়নি, কিন্তু তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আখতারুজ্জামানের সমর্থকদের ওপর স্থানীয় লোকজন তখন ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁদের হাত থেকে তিনি আখতারুজ্জামানের সমর্থকদের বাঁচিয়েছেন।

বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মারধর করার অভিযোগ প্রসঙ্গে আয়েন উদ্দিন তখন আরও বলেছিলেন, ‘ওকে মারা বলে না। আমি ধাক্কা দিয়ে তাদের বাঁচিয়েছি। তা ছাড়া লোকজন তাদের মেরে লাশ বানিয়ে দিত।’

সেদিনের ওই ঘটনার পর ধুরইল ইউপি কার্যালয়ের একজন গ্রাম পুলিশ একটি মামলা করেছিল। সেই মামলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামানের প্রধান নির্বাচনী সমন্বয়কসহ সাতজনকে আসামি করা হয়। এই মামলার আসামিদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনা হয়েছিল। এর প্রায় দুই মাস পর পাল্টা মামলা করা হলো। দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে মীমাংসার কথাবার্তার চললেও শেষ পর্যন্ত তা না হওয়ায় বিলম্বে এই মামলা করা হলো বলে আরজিতে উল্লেখ করা হয়েছে।

এই মামলার বিষয়ে অবগত আছেন কি না, জানতে চাইলে সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, তিনি এ মামলার ব্যাপারে কিছু শোনেননি। কিছু জানেনও না।